নথি চুরির মামলা থেকে সাংবাদিক রোজিনাকে অব্যাহতি
ফাইল ছবি
দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সরকারি নথি ‘চুরি চেষ্টার’ অভিযোগে ‘অফিসিয়াল সিক্রেটস’ আইনে করা মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বুধবার (১৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন পিবিআইর দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।
এর আগে অভিযোগের সত্যতা না পেয়ে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
২০২১ সালের ১৭ মে দুপুরের পর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম ভূঞার কক্ষে রোজিনা ইসলামকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে তাকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী তার বিরুদ্ধে মামলা করেন।
মামলায় রোজিনার বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় চুরি এবং ১৯২৩ সালের ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’র ৩ ও ৫ ধারায় গুপ্তচরবৃত্তি এবং রাষ্ট্রীয় গোপন নথি নিজের দখলে রাখার অভিযোগ আনা হয়। রোজিনা যেসব নথির ‘ছবি তুলেছেন’ তার মধ্যে ‘টিকা আমদানি’ সংক্রান্ত কাগজপত্রও ছিল বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
২০২২ সালের ৪ জুলাই গোয়েন্দা পুলিশ সাংবাদিক রোজিনা ইসলামকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোর্শেদ আলম খান এ প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে ঘটনার সত্যতা পায়নি বলে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন।
২০২৩ সালের ২৩ জানুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে মামলার বাদী শিব্বির আহমেদ ওসমানী ডিবির দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি দেন। আদালত নারাজি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
জেএ/এমকেআর/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ ২ লাখ গরু আমদানির নামে জালিয়াতি, ২০ কোটি টাকা প্রতারণার চেষ্টা
- ২ এফবিসিসিআই’র সাবেক সভাপতি ইউসুফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ৩ হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- ৪ আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে শ্যোন-অ্যারেস্টের আদেশ প্রত্যাহারে নোটিশ
- ৫ ভোটের ফল চ্যালেঞ্জ করে বিএনপি প্রার্থীর আবেদন হাইকোর্টে গ্রহণ