ময়মনসিংহ-৬
ভোটের ফল চ্যালেঞ্জ করে বিএনপি প্রার্থীর আবেদন হাইকোর্টে গ্রহণ
বিএনপি প্রার্থী মো. আখতারুল আলম/ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে বিএনপি প্রার্থী মো. আখতারুল আলমের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।
সেই সঙ্গে ব্যালট পেপার, বাক্স ও নির্বাচনি সামগ্রী হেফাজতে নিয়ে সংরক্ষণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন। সোমবার (১৬ মার্চ) হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলীর একক বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ আখতারুলের পক্ষে ছিলেন আইনজীবী মো. শামীম দরজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান।
হাইকোর্ট আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেছেন জানিয়ে শফিকুর রহমান বলেন, এ-সংক্রান্ত আরও শুনানির জন্য আগামী ২২ জুন দিন নির্ধারণ করা হয়েছে।
ময়মনসিংহ-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. কামরুল হাসান ৭৭ হাজার ৩২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। এখানে বিএনপির আখতারুল ৪৯ হাজার ৪৭৬ ভোট পেয়ে চতুর্থ হন।
আসনটিতে ভোটে কারচুপি ও অনিয়মের অভিযোগে আখতারুল হাইকোর্টের নির্বাচনি আপিল ট্রাইব্যুনালে আবেদন করেন বলে জানান তার আইনজীবী শামীম।
নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পর ভোট সম্পর্কে কোনো প্রার্থীর আপত্তি বা অভিযোগ থাকলে তিনি হাইকোর্টের নির্বাচনি আপিল ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। এ-সংক্রান্ত আবেদন গ্রহণ ও শুনানির জন্য গত ১৭ ফেব্রুয়ারি হাইকোর্টে একক বেঞ্চ নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি।
গত ২৬ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত ৩৮ প্রার্থীর পৃথক ৩৮টি আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্টের ওই বেঞ্চ।
এদিকে, সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ১৫ মার্চ থেকে শুরু হয়েছে। এসময়ে দেওয়ানি বিষয়ের সঙ্গে নির্বাচনি আবেদন শুনানি ও নিষ্পত্তির জন্য এই বেঞ্চকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এফএইচ/একিউএফ
সর্বশেষ - আইন-আদালত
- ১ আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে শ্যোন-অ্যারেস্টের আদেশ প্রত্যাহারে নোটিশ
- ২ ভোটের ফল চ্যালেঞ্জ করে বিএনপি প্রার্থীর আবেদন হাইকোর্টে গ্রহণ
- ৩ প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা, আব্দুস সালাম কারাগারে
- ৪ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান
- ৫ ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ