আদালতে হাত জোড় করে ক্ষমা চাইলেন মোজাম্মেল বাবু
রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা মামলার শুনানিতে একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবুর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন আদালতে রিমান্ড শুনানি চলাকালীন বিচারক জানতে চান তিনি কিছু বলবেন কি না। তখন আইনজীবীদের তোপের মুখে পড়েন তিনি। পরে দুই হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, আমার জয় বাংলা, জয় হিন্দ বক্তব্য ম্যানিপুলেট করা হয়েছে। আমি ক্যানসারে আক্রান্ত।
সকালে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. পায়েল হোসেন তাদের দশদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এসময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে সাতদিনের রিমান্ডের আদেশ দেন।
এ মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বিকেলে গৃহকর্মী লিজা আক্তার নামের এক তরুণী সিদ্ধেশ্বরী নিউ সার্কুলার রোডের একটি ফ্ল্যাটের ১৪ তলায় অবস্থান করছিলেন। সেদিন ওই এলাকায় হেলিকপ্টার ব্যবহার করে দেশি-বিদেশি অস্ত্রশস্ত্র, শত শত সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও গুলি ছোড়া হয়। এতে লিজা গুলিবিদ্ধ হন। পরে ২২ জুলাই মারা যান। লিজা আক্তারের বাবা জয়নাল শিকদার বাদী হয়ে ৫ সেপ্টেম্বর রাজধানীর রমনা থানায় শেখ হাসিনাসহ ১৭৪ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানো হয়েছে।
জেএ/এমএএইচ/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ হত্যা মামলায় রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ
- ২ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে আইন সমিতির পুষ্পস্তবক অর্পণ
- ৩ ছাত্রলীগ নেতা তারেককে ফের গ্রেফতার দেখানোর নির্দেশ
- ৪ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা
- ৫ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা