ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

ভ্যালেনটাইন যখন অন্য শহরে, উপহার পাঠানোর উপায় কী এখন

অধরা মাধুরী পরমা | প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

বছরের এই সময়টিতে অনলাইন গিফট শপগুলোতে থাকে অর্ডারের ছড়াছড়ি। সেই সঙ্গে কুরিয়ার সার্ভিসের অফিসগুলোতেও দেখা যায় লম্বা লাইন।

কারণ একটিই — অন্য শহরে থাকা ভালোবাসার মানুষটিকে ফাল্গুন ও ভালোবাসা দিবসের উপহার পাঠানো। কিন্তু যাদের শেষ মুহূর্তে উপহার কেনার স্বভাব, তারা অনেকেই বিভ্রান্তিতে পড়েছেন। নির্বাচনের সময় বিভিন্ন যানবাহনের ওপর কড়াকড়ি থাকায় উপহার কীভাবে পাঠাবেন আর নির্বাচনের পরে কবে পাঠাতে পারবেন - এ নিয়ে চিন্তিত অনেকেই। চলুন জেনে নেওয়া যাক -

ভ্যালেনটাইন যখন অন্য শহরে, উপহার পাঠানোর উপায় কী এখন

১. অনলাইন শপিং

অনলাইনে উপহার অর্ডার করতে কোনো পেজে গেলে আপনি হয়তো পোস্টে দেখতে পাবেন যে কয়েক দিনের জন্য তাদের ডেলিভারি বন্ধ থাকবে। পেজে যদি লেখা নাও থাকে, মেসেজে জিজ্ঞেস করে নিশ্চিত হতে পারবেন যে, আপনার ভালোবাসার মানুষ কবে উপহারটি পাবেন।

তবে আপনি যদি ১৪ ফেব্রুয়ারির মধ্যেই পাঠাতে চান, তাহলে আজই হয়তো শেষ সুযোগ। কোনো কোনো পেজ হয়তো ঢাকার বাইরের অর্ডার আরও আগেই বন্ধ করে দিয়েছে। তবুও জিজ্ঞেস করে দেখুন—সুযোগ থাকতেও পারে।

২. অফলাইন শপিং

আপনি যদি নিজ হাতে উপহার কিনে কুরিয়ারে পাঠাতে চান, তাহলে বিষয়টি অন্যভাবে পরিকল্পনা করতে হবে। উপহার যদি ইতোমধ্যে কিনে রেখে থাকেন, তাহলে আপনার কাজ অনেকটাই এগিয়ে। কিন্তু কেনা না থাকলে আপনাকে ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) পর্যন্ত অপেক্ষা করতে হবে দোকান খোলার জন্য।

তবে শুক্রবার হওয়ায় সব ধরনের দোকান খোলা নাও থাকতে পারে। কিছু কিছু এলাকার বাজার শুক্রবারেও খোলা থাকে - সেখান থেকে শপিং করে নিতে পারেন।

ভ্যালেনটাইন যখন অন্য শহরে, উপহার পাঠানোর উপায় কী এখন

এবার আসে উপহারটি অন্য শহরে পাঠানোর হিসাব। নির্বাচন উপলক্ষে মঙ্গলবার রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

অর্থাৎ শুক্রবার আপনি উপহারটি কুরিয়ার অফিসে ড্রপ-অফ করতে পারবেন। শুক্রবার পাঠালে আপনার ভালোবাসার মানুষটি পহেলা ফাল্গুন বা ভালোবাসা দিবসেই হয়তো হাতে উপহারটি পেয়ে যাবেন।

তবে বাংলাদেশের বেশিরভাগ প্রধান কুরিয়ার সার্ভিস শুক্রবারে খোলা থাকলেও সময়সূচীতে কিছুটা পরিবর্তন হতে পারে – এই বিষটি মাথায় রাখবেন। আবার, অনেক সময় কুরিয়ার সার্ভিসগুলো পাঠানোর পরদিনই সব পার্সেল বিতরণ শেষ করতে পারে না। সে ক্ষেত্রে হয়তো ১৫ ফেব্রুয়ারিও উপহারটি পৌঁছাতে পারে।

যারা আগেই এসব ভেবে উপহার পাঠিয়ে দিয়েছেন, তারা নিঃসন্দেহে বুদ্ধিমানের কাজ করেছেন। তবে যারা দেরি করে ফেলেছেন, শেষ সুযোগটি কিন্তু এখনো আছে। তাই দেরি না করে দ্রুত সিদ্ধান্ত নিন!

এএমপি/এমএন

আরও পড়ুন