মচমচে স্বাদের লোভনীয় পদ, ঘরেই বানান রূপচাঁদা ফ্রাই
ভাজা রূপচাঁদার স্বাদ এতটাই লোভনীয় যে, সব কিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যায়। ছবি/সংগৃহীত
মাছপ্রেমীদের কাছে রূপচাঁদা এক বিশেষ পছন্দের নাম। ভাজা রূপচাঁদার স্বাদ এতটাই লোভনীয় যে, গরম ভাত বা পোলাও - সব কিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যায়। তবে অনেকেই ভাবেন, এই ধরনের মজাদার ফ্রাই হয়তো বাসায় বানানো কঠিন।
আসলে খুব সাধারণ কিছু মসলা দিয়েই সহজে তৈরি করা যায় মচমচে রূপচাঁদা ফ্রাই। সঠিকভাবে মসলা মাখিয়ে ভাজলে মাছের ভেতর পর্যন্ত স্বাদ ঢুকে যায়, যা খেতে আরও সুস্বাদু লাগে।

চলুন জেনে নেওয়া যাক সহজ রূপচাঁদা ফ্রাইয়ের সহজ রেসিপি -
উপকরণ
১. রূপচাঁদা মাছ ২টি
২. আদা বাটা আধা চা চামচ
৩. রসুন বাটা আধা চা চামচ
৪. মরিচ গুঁড়া আধা চা চামচ
৫. জিরা গুঁড়া আধা চা চামচ
৬. গোলমরিচ গুঁড়া সামান্য
৭. হলুদ গুঁড়া সামান্য
৮. চাট মসলা সামান্য
৯. লেবুর রস ১ চা চামচ
১০. লবণ স্বাদমতো
১১. তেল ভাজার জন্য

প্রস্তুত প্রণালি
প্রথমে রূপচাঁদা মাছ ভালোভাবে পরিষ্কার করে দুই পাশে হালকা কেটে নিন, যাতে মসলা ভেতরে ঢুকে যায়। এরপর মাছে লবণ ও লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন।
একটি বাটিতে আদা-রসুন বাটা, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে মসলা তৈরি করুন। এই মসলা মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে অন্তত ১৫-২০ মিনিট মেরিনেট করে রাখুন।
এরপর কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে মাছ ভাজুন। এক পাশ বাদামি হলে উল্টে দিয়ে অন্য পাশও ভেজে নিন। দুই পাশ সুন্দর করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিন।
এএমপি/এমএস