ত্বকের যত্নে কীভাবে বানাবেন সুগার স্ক্রাব, জানুন সঠিক উপায়
ছবি: এআই
শরীরের সুস্থতার কথা ভেবে অনেকেই এখন খাবার তালিকা থেকে চিনি বাদ রাখেন। অতিরিক্ত চিনি রক্তে শর্করা বাড়ায়, ওজন বৃদ্ধি করে, এমনকি ত্বকের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তবে মজার বিষয় হলো-খাওয়ার পাতে ক্ষতিকর এই চিনি, রূপচর্চায় কিন্তু দারুণ কার্যকর।
বিশেষ করে প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে চিনির জুড়ি নেই। সুন্দর ও পরিষ্কার ত্বক পেতে নিয়মিত ক্লিনজিংয়ের পাশাপাশি এক্সফোলিয়েশন বা স্ক্রাব করাও জরুরি। স্ক্রাব করলে ত্বকের ওপর জমে থাকা ধুলা-ময়লা ও মৃত কোষ দূর হয়, রক্ত সঞ্চালন বাড়ে এবং ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও প্রাণবন্ত। বাজারের কেমিক্যালযুক্ত পণ্যের বদলে ঘরোয়া উপাদান দিয়ে স্ক্রাব তৈরি করলে ত্বকের জন্য তা তুলনামূলক বেশি নিরাপদ।
আসুন জেনে নেওয়া যাক কয়েকটি সহজ সুগার স্ক্রাব যেভাবে বানাবেন-
১. লেবু ও চিনি
লেবু প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে এবং ত্বকের ট্যান দূর করতে সাহায্য করে। ১ চামচ চিনির সঙ্গে অর্ধেক লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ২০-৩০ মিনিট রেখে হালকা হাতে ঘষে ধুয়ে ফেলুন। চাইলে সামান্য মধু যোগ করতে পারেন। এতে ত্বক হবে পরিষ্কার ও উজ্জ্বল।
২. গ্রিন টি ও চিনি
যাদের ব্রণের সমস্যা আছে, তাদের জন্য এটি আদর্শ। ১ চামচ গ্রিন টি পাতা, ১ চামচ চিনি ও কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে পেস্ট বানান। মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে আলতো করে ম্যাসাজ করুন। গ্রিন টির অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বক সতেজ রাখে এবং মৃত কোষ দূর করে।
৩. ওটমিল ও চিনি
তৈলাক্ত ত্বকের বাড়তি তেল শুষে নিতে ওটমিল কার্যকর। এক চামচ ওটমিল, এক চামচ চিনি ও মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে শুকালে ধুয়ে ফেলুন। এটি ব্রণের প্রদাহ কমাতে সাহায্য করবে।
৪. হলুদ ও চিনি
হলুদ ত্বক ভালো রাখতে দুর্দান্ত উপাদান। এটি ট্যান কমায় ও ব্রণ দূর করতে সাহায্য করে। আধা চামচ হলুদের গুঁড়া, ১ চামচ চিনি ও মধু মিশিয়ে ২০ মিনিট মুখে রাখুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক উজ্জ্বল হয় এবং ডার্ক সার্কেল কমাতে সহায়তা করতে পারে।
৫. টমেটো ও চিনি
সময় কম থাকলে অর্ধেক টমেটোর ওপর চিনি ছড়িয়ে সরাসরি মুখে ঘষতে পারেন। টমেটোর অ্যান্টি-এজিং গুণ ত্বক টানটান রাখতে সাহায্য করে।
সতর্কতা
স্ক্রাব ব্যবহারে কিছু সতর্ক থাকতে হবে। তা হলো খুব বেশি জোরে ঘষলে ত্বকে র্যাশ বা লালচে দাগ হতে পারে, তাই হালকাভাবে ম্যাসাজ করা উচিত। সপ্তাহে এক থেকে দুই বার স্ক্রাব করাই যথেষ্ট, অতিরিক্ত ব্যবহারে ত্বক শুষ্ক বা আঘাতপ্রাপ্ত হতে পারে। স্ক্রাব করার পর ত্বক ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বক নরম ও হাইড্রেটেড থাকে। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে প্রথমে হাতে বা ছোট এলাকা পরীক্ষা করে নিলে কোনো অ্যালার্জি বা প্রতিক্রিয়া হলে সহজেই প্রতিকার নেওয়া সম্ভব।
প্রাকৃতিক উপাদানে তৈরি এই সুগার স্ক্রাব নিয়মিত ব্যবহার করলে ত্বক থাকবে পরিষ্কার, সতেজ ও উজ্জ্বল-একদম ঘরোয়া উপায়ে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বি বিউটিফুল ইন্ডিয়া
আরও পড়ুন:
সাবান দিয়ে মুখ পরিষ্কার করলে কী হয় জানেন?
ত্বকের উজ্জ্বলতায় ডিমের জাদুকরী ভূমিকা
এসএকেওয়াই