সেহরিতে রাখুন পুষ্টিকর লাউ ডাল
এআই দিয়ে বানানো ছবি
সেহরিতে হালকা ও স্বাস্থ্যকর কী খাওয়া যায় – এ নিয়ে রোজ বিভ্রান্তিতে পড়েন অনেকেই। সেহেরিতে পুষ্টিকর খাবার যেমন জরুরি, তেমনই খাবার হালকা ও হাইড্রেটিং হওয়া দরকার।
এসব গুণ মিলাতে গেলে সহজ ও দুরণি মজাদার যে তরকারির কথা মাথায় আসে, তা হলো তড়কা দেওয়া লাউ-ডাল। জেনে নিন ঝটপট একটি রেসিপি –
উপকরণ
১. মসুর ডাল বা মাসকলাই ডাল ১ কাপ
২. ছোট টুকরো করা লাউ ২ কাপ
৩. হলুদ গুঁড়া ১ চা চামচ
৪. জিরা ১/২ চা চামচ
৫. মৌরি সামান্য
৬. কাঁচামরিচ ৬টি
৭. ধনিয়াপাতা ৩ চা চামচ
৮. লবণ স্বাদ অনুযায়ী
৯. পেঁয়াজ কুঁচি ২ চা চামচ
১০. রসুন কুঁচি ১ চা চামচ
১১. তেজপাতা ২টি
১২. তেল ৩ চা চামচ
প্রস্তুত প্রণালী
প্রথমে দুই কাপ পানি দিয়ে ডাল সেদ্ধ করে নিন। সেদ্ধ করার সময় ২/৩টি কাঁচা মরিচ দিয়ে দিতে পারেন। এবার পানি কমে গেলে ডাল ভালোভাবে ঘুঁটে নিন।
আলাদা একটি প্যানে ছোট ছোট করে কেটে রাখা লাউ হালকা করে ভেজে নিতে হবে। তারপর লবণ, হলুদ ও দুই কাপ পানি দিয়ে আবারো ডাল ফুটাতে হবে। ভেজে রাখা লাউগুলো এ পর্যায়ে ডালে দিয়ে দিন। আর সেদ্ধ হতে দিন।
অন্যদিকে তেল গরম করে তাতে তেজপাতা, জিরা আর মৌরি ফোঁড়ন দিয়ে একে একে পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ ফালি ও রসুন কুঁচি দিয়ে দিন। পেঁয়াজ আর রসুন কুঁচি বাদামি রঙের হয়ে গেলে লাউসহ ডাল তাতে ঢেলে দিতে হবে।
ফোঁড়নের সঙ্গে ডাল খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লাউ ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না সেটাও দেখে নিবেন। এবার ধনেপাতা ছড়িয়ে দিয়ে হালকা আঁচে ৪-৫ মিনিটের জন্য ঢেকে রাখুন। তাহলে লাউয়ের সঙ্গে ডাল মাখামাখা হয়ে যাবে। হয়ে গেল মজাদার লাউ-ডাল
লাউ সহজপাচ্য খাবার বলে সেহরির জন্য এটি একটি আদর্শ খাবার।
এএমপি/এমএস