ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

সবজি কাটার পর পানিতে ভিজিয়ে রাখলে যেসব ক্ষতি হয়

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০২ মার্চ ২০২৬

অনেকেই একসঙ্গে বেশি পরিমাণে শাকসবজি ও ফল কিনে রাখেন। তবে বাজার থেকে আনা সবজি সরাসরি রান্না করা ঠিক নয়। এতে মাটি, কীটনাশক ও অদৃশ্য ময়লা লেগে থাকতে পারে, যা না ধুয়ে খেলে পেটের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। তাই অধিকাংশ মানুষ কলের পানির নিচে ধুয়ে নেন। কিন্তু অনেকেই একটি বড় ভুল করেন সবজি কাটার পর পানিতে চুবিয়ে রাখেন। এখানেই ঘটতে পারে পুষ্টির ক্ষতি।

কাটার পর পানিতে ভিজিয়ে রাখা কেন ক্ষতিকর?
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের এক প্রতিবেদনে বলা হয়েছে শাকসবজি বা ফল কাটার পর পানিতে ভিজিয়ে রাখা উচিত নয়। কারণ অনেক ভিটামিন ও খনিজ উপাদান পানিতে দ্রবণীয়। কাটার পর দীর্ঘ সময় পানিতে রাখলে এসব পুষ্টিগুণ পানির সঙ্গে বেরিয়ে যায়।

বিশেষ করে ভিটামিন সি ও বি-কমপ্লেক্স জাতীয় উপাদান খুব সহজেই পানিতে মিশে যায়। ফলে আমরা যে পুষ্টির জন্য সবজি খাই, তার অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে। এমনকি কাটার পর হাত দিয়ে ঘষে ঘষে ধুলেও পুষ্টিগুণ কমে যেতে পারে। তাই সবসময় কাটার আগে ভালোভাবে ধোয়া উচিত, কাটার পরে নয়।

শাকসবজি ও ফল ধোয়ার সঠিক উপায়
১. বাজার থেকে আনার পর প্রথমেই চলমান পানির নিচে শাকসবজি ও ফল ধুয়ে নিন। কল খুলে কিছুক্ষণ পানির প্রবাহে রাখলে মাটি, ধুলো, পোকা ও কীটনাশকের অবশিষ্টাংশ ধুয়ে বেরিয়ে যায়।

সবজি কাটার পর পানিতে ভিজিয়ে রাখলে যেসব ক্ষতি হয়

২. কাটার আগে চাইলে একটি পাত্রে পর্যাপ্ত পানি নিয়ে তাতে এক চামচ বেকিং সোডা ও সামান্য ভিনিগার মিশিয়ে নিতে পারেন। এরপর সবজি ও ফল ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর পরিষ্কার পানিতে আবার ধুয়ে নিন। এতে ময়লা ও রাসায়নিক উপাদান অনেকটাই দূর হয়।

৩. শাক, বাঁধাকপি, ফুলকপি বা ব্রকোলির মতো সবজিতে পোকা ও ময়লা বেশি লুকিয়ে থাকে। তাই এগুলো বড় টুকরো করে বা পাতা আলাদা করে পানিতে ১০ মিনিট ভিজিয়ে রাখা ভালো। এতে ভেতরের ময়লাও বেরিয়ে আসে।

৪. ফল ও সবজি গোটা অবস্থায় হাতে ঘষে ধোয়া যেতে পারে। প্রয়োজনে ভেজিটেবল ব্রাশ ব্যবহার করে খোসা পরিষ্কার করা যায়। এতে বাহ্যিক ময়লা দূর হয় এবং পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে।

সবজি ও ফল পরিষ্কার করা জরুরি, কিন্তু সঠিক পদ্ধতি জানা আরও জরুরি। কাটার পর পানিতে ভিজিয়ে রাখা থেকে বিরত থাকুন। সঠিকভাবে ধোয়া ও সংরক্ষণ করলে পুষ্টিগুণ বজায় থাকবে এবং পরিবার থাকবে সুস্থ। স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে এই ছোট অভ্যাসগুলোই বড় পার্থক্য তৈরি করে দিতে পারে।

সূত্র: হিন্দুস্তান টাইমস ও অন্যান্য

আরও পড়ুন:
পানির ফিল্টার কি নিরাপদ? যা দেখে সতর্ক হবেন
আগের দিনের ব্যবহৃত তেল ছেঁকে ব্যবহার করা কি নিরাপদ

এসএকেওয়াই/এএসএম

আরও পড়ুন