রোস্ট ও কোরমায় চিনি বেশি হলে কী করবেন, জেনে নিন ঠিক করার উপায়
ছবি: এআই
যে কোনো তরকারি বা গ্রেভি রান্নার সময় অনেক ক্ষেত্রেই সামান্য চিনি ব্যবহার করা হয়। অল্প চিনি দিলে খাবারের স্বাদে ভারসাম্য আসে এবং মসলার ঝাঁজ ও টক স্বাদের সঙ্গে একটি মৃদু মিষ্টতা তৈরি হয়। তবে এই চিনির পরিমাণ খুবই সামান্য হওয়া দরকার। একটু বেশি হয়ে গেলেই পুরো রান্নার স্বাদ নষ্ট হয়ে যেতে পারে।
রোস্ট কিংবা কোরমায় হালকা মিষ্টি স্বাদ অনেকেরই পছন্দ। কিন্তু অনেক সময় অসাবধানতাবশত বেশি চিনি পড়ে গেলে অতিরিক্ত মিষ্টি হয়ে যায়। প্রতিদিন রান্না করা মানুষের কাছেও এমন ভুল হয়ে যেতে পারে। তবে চিন্তার কিছু নেই। রান্নায় বেশি চিনি পড়ে গেলে স্বাদ ঠিক করার জন্য কয়েকটি সহজ উপায় রয়েছে।
লেবুর রস ব্যবহার করুন
রান্নায় অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে লেবুর রস ব্যবহার করা একটি কার্যকর উপায়। লেবুর টক স্বাদ খাবারের অতিরিক্ত মিষ্টতা কমিয়ে স্বাদকে ভারসাম্যপূর্ণ করতে সাহায্য করে। সাধারণত ২ চামচ লেবুর রস মিশিয়ে দিলে খাবারের স্বাদ অনেকটাই ঠিক হয়ে যায়। তবে সব ধরনের রান্নায় লেবুর রস দেওয়া যায় না। তাই পদে কী কী উপকরণ রয়েছে তা বুঝে লেবুর রস ব্যবহার করা উচিত।

মরিচের ঝাল
মিষ্টি স্বাদ কমানোর আরেকটি ভালো উপায় হলো মরিচ ব্যবহার করা। কাঁচামরিচ কিংবা মরিচ গুঁড়া-দুটিই এই ক্ষেত্রে কাজে লাগতে পারে। তরকারিতে বেশি চিনি পড়ে গেলে কয়েকটি কাঁচামরিচ চিরে দিতে পারেন অথবা অল্প মরিচ গুঁড়া মিশিয়ে দিতে পারেন। মরিচের ঝাঁজ মিষ্টি স্বাদকে অনেকটা ভারসাম্যপূর্ণ করে দেয়।
দুধ ব্যবহার করা
মালাইকারি বা দুধভিত্তিক কোনো রান্নায় যদি বেশি চিনি পড়ে যায়, তাহলে দুধ ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে নারিকেলের দুধ এই ক্ষেত্রে বেশ কার্যকর। এটি অতিরিক্ত মিষ্টতা কমাতে সাহায্য করে এবং রান্নার স্বাদকে ঠিক করে। নারিকেলের দুধ না থাকলে গুঁড়া দুধও ব্যবহার করা যায়। এতে মিষ্টি স্বাদ কিছুটা কমে আসে এবং রান্না আবার ভারসাম্যপূর্ণ হয়ে যায়।
সচেতন থাকাই সবচেয়ে ভালো উপায়
রান্নায় অতিরিক্ত চিনি পড়ে গেলে উপরের পদ্ধতিগুলো ব্যবহার করে অনেক সময় স্বাদ ঠিক করা সম্ভব। তবে সবচেয়ে ভালো উপায় হলো রান্নার সময় উপকরণ মাপ করে দেওয়া এবং ধীরে ধীরে স্বাদ পরীক্ষা করা। এতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং রান্নার স্বাদও ঠিক থাকে।
সূত্র: এডিটিভি ফুড ও অন্যান্য
এসএকেওয়াই