পাবলিক স্পিকিংয়ে আত্মবিশ্বাস বাড়ানোর ৫ সহজ উপায়
সংগৃহীত ছবি
অনেকের জন্যই মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলা বেশ চ্যালেঞ্জের বিষয়। তাদের জন্য মানুষের সামনে কথা বলতে দাঁড়ালে বা মঞ্চে উঠলেই হাত কাঁপা, গলা শুকিয়ে যাওয়া বা কথা ভুলে যাওয়ার মতো অভিজ্ঞতা নতুন নয়।
অথচ পড়াশোনা, চাকরি বা সামাজিক জীবনে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারা এখন একটি অপরিহার্য দক্ষতা।
এই দক্ষতার গুরুত্ব মনে করিয়ে দিতেই প্রতি বছর ১৫ মার্চ পালিত হয় ওয়ার্ল্ড স্পিচ ডে। দিনটি মানুষের চিন্তা ও মতামত সাহসের সঙ্গে প্রকাশ করার অনুপ্রেরণা দেয়। আর কিছু সহজ অভ্যাস চর্চা করলে যে কেউ ধীরে ধীরে পাবলিক স্পিকিংয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন। চলুন জেনে নেওয়া যাক ট্রিকগুলো -
১. প্রস্তুতি ও নিয়মিত অনুশীলন
পাবলিক স্পিকিংয়ে আত্মবিশ্বাস বাড়ানোর প্রথম শর্ত হলো ভালো প্রস্তুতি। যে বিষয় নিয়ে কথা বলবেন, সেটি আগে থেকে ভালোভাবে বুঝে নেওয়া জরুরি।
মূল পয়েন্টগুলো লিখে কয়েকবার অনুশীলন করলে বক্তব্য পরিষ্কার হয় এবং মঞ্চে উঠলে অপ্রস্তুত হওয়ার সম্ভাবনা কমে।

২. আয়নার সামনে কথা বলার অভ্যাস
নিজেকে পর্যবেক্ষণের একটি কার্যকর উপায় হলো আয়নার সামনে কথা বলা। এতে নিজের মুখভঙ্গি, অঙ্গভঙ্গি ও বক্তব্যের ভঙ্গি সম্পর্কে ধারণা পাওয়া যায়।
নিয়মিত এভাবে অনুশীলন করলে ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়ে এবং কোথায় উন্নতি করা দরকার তাও বোঝা যায়।
৩. গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখা
মঞ্চে ওঠার আগে অনেকেই নার্ভাস হয়ে পড়েন। এ সময় কয়েকবার ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়া শরীর ও মনকে শান্ত করতে সাহায্য করে।
এতে হৃদস্পন্দন স্বাভাবিক হয় এবং বক্তা নিজের চিন্তাকে আরও পরিষ্কারভাবে প্রকাশ করতে পারেন।

৪. ছোট পরিসর থেকে শুরু করা
একেবারে বড় মঞ্চে ওঠার আগে ছোট পরিসরে কথা বলার অভ্যাস করা ভালো। বন্ধু, সহকর্মী বা পরিচিত মানুষের সামনে কথা বলা শুরু করলে ধীরে ধীরে আত্মবিশ্বাস তৈরি হয়। পরিচিত পরিবেশে অনুশীলন করলে ভয় অনেকটাই কমে যায়।
৫. ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা
পাবলিক স্পিকিংয়ের সময় মনে রাখতে হবে, শ্রোতারা সাধারণত বক্তাকে সমর্থন করতেই উপস্থিত থাকেন। তাই ভুল হওয়ার ভয় না পেয়ে ইতিবাচক মনোভাব রাখা গুরুত্বপূর্ণ। নিজের ওপর বিশ্বাস রাখলে বক্তব্য আরও স্বাভাবিক ও আত্মবিশ্বাসী শোনায়।
কথা বলার দক্ষতা কেন গুরুত্বপূর্ণ
আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ভাবনা প্রকাশ করতে পারা ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। নিয়মিত অনুশীলন করলে স্টেজ ফিয়ার বা মানুষের সামনে কথা বলার ভয় ধীরে ধীরে কমে যায়।
তাই পাবলিক স্পিকিংকে ভয় না পেয়ে এটিকে একটি শেখার দক্ষতা হিসেবে দেখাই সবচেয়ে ভালো উপায়।
সূত্র: আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ, ওয়ার্ল্ড স্পিচ ডে অর্গানাইজেশন, টেড এড
এএমপি/জেআইএম