ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

ঘর সাজাতে পুরোনো বালিশ ব্যবহার করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৩:১৬ পিএম, ২৫ মার্চ ২০২৬

বিছানায় রাখা বালিশ যদি চ্যাপ্টা বা শক্ত হয়ে যায়, অনেকেই তা ফেলে দেন। কিন্তু এই সাধারণ জিনিসটিকেও নতুনভাবে ব্যবহার করা সম্ভব। কৌশল এবং সৃজনশীলতা থাকলেই পুরোনো বালিশ আবার কাজে লাগানো যেতে পারে। এতে ঘরের সাজ ভালো হবে, খরচ কমবে এবং অপচয়ও কমে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে পুরোনো বালিশ দিয়ে ঘর সাজাবেন- 

আরামদায়ক বসার জায়গা
ঘরের জানালার পাশে যদি জায়গা থাকে, তা বানিয়ে নিন আরামদায়ক বসার স্থান বা ‘উইন্ডো সিট’। পুরোনো বালিশের তুলা গুলো ঝেড়ে রোদে দিন। তারপর তা দিয়ে লম্বাটে গদি বানান। এর ওপর উজ্জ্বল রঙের সুতির চাদর বিছিয়ে দিন। এতে তৈরি হবে বই পড়া, চা বা আড্ডার জন্য আদর্শ জায়গা। বৃষ্টির দুপুরে এখানে বসে সময় কাটানো সত্যিই আনন্দদায়ক।

সোফায় নতুনত্ব
বসার ঘরের সোফা যদি সাধারণ মনে হয়, তবে পুরোনো বালিশের তুলা বের করে ছোট ছোট চৌকা বা গোল আকৃতির কুশন বানান। কিছু সুন্দর কভার ব্যবহার করে সোফায় সাজালে তা ঝকঝকে ও রঙিন দেখাবে।

অতিরিক্ত বসার ব্যবস্থা
পুরোনো বালিশ সহজেই নতুন কুশন বা ফ্লোর প্যাডে বদলে ফেলা যায়। পড়ার কোণ বা আরামদায়ক বসার জায়গা তৈরি করতে চাইলে পুরোনো বালিশ দিয়ে নরম ফ্লোর কুশন বানানো যায়। শুধু একটি নতুন কভার দিলেই সেটি আবার ব্যবহারযোগ্য হয়ে ওঠে। এতে ঘরে বসার জায়গা বাড়ে এবং আলাদা কিছু কেনার প্রয়োজনও কমে।

ধুলা থেকে মুক্তি
দরজার নিচে দিয়ে আসা ঠান্ডা বাতাস বা রাস্তার ধুলা আটকাতে পুরোনো বালিশ কাজে আসে। তুলা লম্বা করে কাপড়ের খোলসে ভরে ‘ডোর ড্রাফট স্টপার’ বানান। এটি দরজার তলায় রাখলে বাইরের ধুলা, পোকা বা এসি বাতাস ভেতরে প্রবেশ করতে পারবে না।

যোগব্যায়ামের কুশন
যারা বাড়িতে নিয়মিত যোগাসন বা শরীরচর্চা করেন, তাদের জন্য শক্ত কুশন বা ‘বোলস্টার’ প্রয়োজন। দুটো পুরোনো বালিশ একত্র করে শক্ত করুন, কভার দিয়ে ঢাকলে তৈরি হবে যোগব্যায়ামের কুশন। এটি পিঠের ব্যথা কমাতে এবং শ্বাস-প্রশ্বাসের সময় আরাম দিতে সহায়ক।

পোষাে প্রাণীর জন্য বিছানা
যাদের বাড়িতে পোষা প্রাণী আছে, তাদের জন্য পুরোনো বালিশ খুবই উপকারী। সহজেই এটি দিয়ে পোষ্যের জন্য আরামদায়ক বিছানা বানানো যায়।

গবেষণা বলছে, গৃহস্থালির বর্জ্য কমানোর সবচেয়ে ভালো উপায় হলো জিনিস পুনর্ব্যবহার। বালিশের ভেতরের ফাইবার বা তুলা কখনো নষ্ট হয় না। বাড়িতে থাকা পুরোনো সফট টয় বা ছোট খেলনার মধ্যে এই তুলা ব্যবহার করলে সেগুলো আবার নতুনের মতো হয়ে যায়। এটি পরিবেশবান্ধবও এবং সৃজনশীলও।

সূত্র: সাউদার্ন লিভিং, দ্য স্প্রু

এসএকেওয়াই 

আরও পড়ুন