বাইরে মচমচে ভেতরে সফট, ঘরেই বানান চিজবল
ঘরের সহজ উপকরণেই খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারেন এই মজাদার চিজবল। ছবি/এআই দিয়ে বানানো
বিকেলের নাস্তায় একটু ভিন্ন স্বাদের কিছু খেতে ইচ্ছা করলেই অনেকেই বাইরে থেকে অর্ডার করেন। তবে ঘরেই খুব সহজে এমন কিছু তৈরি করা যায়, যা স্বাদে কোনো অংশে কম নয়।
চিজ দিয়ে তৈরি নানা ধরনের স্ন্যাকস এখন বেশ জনপ্রিয়। এর মধ্যে চিজবল এমন একটি আইটেম, যা বাইরে মচমচে আর ভেতরে নরম গলে যাওয়া চিজের জন্য সবার কাছেই প্রিয়।
ঘরের সহজ উপকরণেই খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারেন এই মজাদার চিজবল।
উপকরণ
১. মোজারেলা চিজ কিউব করে কাটা ১ কাপ
২. সেদ্ধ আলু ২টি
৩. পিঁয়াজ কুচি ২ টেবিল চামচ
৪. কাঁচামরিচ কুচি ১–২টি
৫. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
৬. লবণ স্বাদমতো
৭. গোলমরিচ গুঁড়া সামান্য
৮. কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
৯. ডিম ১টি
১০. ব্রেডক্রাম্ব ১ কাপ
১১. তেল ভাজার জন্য

প্রস্তুত প্রণালি
প্রথমে একটি বাটিতে সেদ্ধ আলু মেখে নিন। এরপর এতে পিঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
এবার আলুর মিশ্রণ থেকে ছোট অংশ নিয়ে ভেতরে একটি করে চিজ কিউব রেখে বলের আকারে তৈরি করুন। প্রতিটি বল প্রথমে কর্নফ্লাওয়ারে গড়িয়ে, তারপর ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে ভালোভাবে কোট করে নিন।
কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে চিজবলগুলো সোনালি করে ভেজে নিন। বাইরে মচমচে হয়ে এলে তুলে নিন।
টমেটো সস বা চিলি সসের সঙ্গে খেতে দারুণ লাগে।
এএমপি/এএসএম