গরম ভাতের সঙ্গে জমবে বাদামের ভর্তা
ফ্রিজে সংরক্ষণ করে রাখতে চাইলে শুকনা মরিচ ও পেঁয়াজ-রসুন হালকা তেলে ভেজে মাখিয়ে নিন। ছবি/এআই দিয়ে বানানো
প্রতিদিনের ভাতের সঙ্গে একই ধরনের ভর্তা বা তরকারি খেতে খেতে একঘেয়েমি চলে আসতেই পারে। এমন সময়ে সহজ কিছু উপকরণ দিয়ে ভিন্ন স্বাদের একটি পদ বানাতে পারলে খাবারের আগ্রহই বেড়ে যায়।
বাদাম পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। এতে রয়েছে ভালো ফ্যাট, প্রোটিন ও প্রয়োজনীয় খনিজ উপাদান। এই বাদাম দিয়েই খুব সহজে তৈরি করা যায় সুস্বাদু একটি ভর্তা, যা ভাতের সঙ্গে দারুণ মানিয়ে যায়।
ঘরে থাকা সাধারণ উপকরণেই অল্প সময়ে বানিয়ে নিতে পারেন এই বাদামের ভর্তা -
উপকরণ
১. ভাজা বাদাম ১ কাপ
২. পিঁয়াজ কুচি ২ টেবিল চামচ
৩. কাঁচামরিচ ২-৩টি
৪. রসুন ২-৩ কোয়া
৫. সরিষার তেল ১ টেবিল চামচ
৬. লবণ স্বাদমতো
৭. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
প্রথমে ভাজা বাদাম হালকা গুঁড়া করে নিন, পুরো পেস্ট না করে একটু দানাদার রাখলে ভালো লাগে। এরপর এতে পিঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন ও ধনেপাতা কুচি যোগ করুন।
এবার লবণ ও সরিষার তেল দিয়ে সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিন। মিশ্রণটি ভালোভাবে একসঙ্গে মিশে গেলে ভর্তা প্রস্তুত।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। চাইলে শুকনা মরিচ ভেজে দিয়ে খেতে পারেন, স্বাদ আরও বেড়ে যাবে।
ফ্রিজে সংরক্ষণ করে রাখতে চাইলে শুকনা মরিচ ও পেঁয়াজ-রসুন হালকা তেলে ভেজে মাখিয়ে নিন। এতে ফ্রিজে সংরক্ষণ করলেও কাঁচা পেঁয়াজের গন্ধ হবে না।
এএমপি/জেআইএম