ভিডিও ENG
  1. Home/
  2. সাহিত্য

ইমরান শা’কির ইমরুর কবিতা

ছায়ায় লাশ এবং কুন ফায়াকুন

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০৪:১০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ছায়ায় লাশ

চারদিকে চেয়ার দৌড়
আঁঠালো কাদায় নীলপদ্ম,
বালিশ ছোড়াছুড়ি,
একচুলও ছাড় নয়।
মরণপণ খেলা...
জিততেই হবে,
দৌড় বাড়ে।

আমি রোজকার দর্শক,
চকচকে পত্রিকায় চোখ বোলাই।
অক্ষরের ভেতর লাশের গন্ধ
সবাই জানে, খুন নয়
হিসাবের খতিয়ান।

খেলা বদলায়।
অস্ত্র হাতে তাড়া করে আততায়ী,
উৎসব দেখে অন্ধের চোখ।

একদিন খেলা শেষ হয়।
ফেরার পথে
সর্বত্র রক্ত।
ছায়ার ভেতর আমারই লাশ,
করুণ চোখে ডুবে যায়।

খেলা চলছে...
নতুন দর্শক মাঠে।
আর কতগুলো লাশ প্রয়োজন?

****

কুন ফায়াকুন

শূন্যতার গহ্বরে ছিল না কিছুই
না আলো, শব্দ, স্পর্শের রেখা,
না সময় কিংবা আকারের কোনো ভাষা।
একটি উচ্চারণ ভাঙে সেই নিস্তব্ধতা
‘কুন’

আর সঙ্গে সঙ্গেই
সৃষ্টির কাঁপনে কেঁপে ওঠে আকাশ-পাতাল।
মানব, পাখি, বৃক্ষ, জলরেখা
সবই এক চিরন্তন ইচ্ছার প্রতিফলন,
অবিনাশী আদেশের প্রতিধ্বনি।

হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে
সম্ভাব্য সৃষ্টি,
যা অপেক্ষা করে কেবল
এক অন্তঃশব্দের আহ্বানের
‘হয়ে যাও’

চাওয়া মাত্রই প্রকাশিত হয়
স্রষ্টার মহিমান্বিত গুণ
‘কুন ফায়াকুন’

এসইউ

আরও পড়ুন