ভিডিও ENG
  1. Home/
  2. সাহিত্য

অনন্য কাওছারের কবিতা: নববর্ষের শাড়ি

ফিচার ডেস্ক | প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৪ এপ্রিল ২০২৬

 

তুমি নববর্ষের লাল টুকটুকে শাড়ি পরে আছো,
তোমাকে কেন্দ্রীভূত করে তরুণ প্রেমিকের
ঘূর্ণায়মান আবর্তন,
নিউমার্কেটে তোমার জন্য দোকানীর বড্ড ব্যাকুলতা,
সিএনজি অটোরিকশা চালকেরও উদ্বিগ্নতার কারণ
হয়তো এখন ভালোভাবেই বুঝে গেছি।
তোমাকে দেখে রাখাল বালকের কর্কশ গলায়
বেজে ওঠে হিন্দি সিনেমার গান,
বখাটের আড্ডাখানা যেন
মার্কিন সিনেমার মতো বাতাসে উড়ায় নগ্ন পতাকা।
তুমি নববর্ষের লাল টুকটুকে শাড়ি পরে আছো,
হাসিমুখে কথা বলছ, আড্ডা দিচ্ছ, কখনও
কারো রঙিন শার্টের দিকে তাকিয়ে আছো বেশ
অথচ এই উদাসীন কবির দাঁড়িয়ে থাকা
দেখতে পাওনি, কখনও জানতে চাওনি তো আর।

আমি জানি, তোমার হাতের ইশারায়
দ্বিখণ্ডিত বেকুব প্রেমিকের বুক;
মরুভূমিতে নামায় গ্রিনল্যান্ডের তুষারকুচি,
তুমি আজ নববর্ষের বর্ণিল শাড়ি পরে আছো,
তোমাকে কেন্দ্রীভূত করে নবীন-প্রবীণ কবিদের
বড্ড আয়োজন, কবিতার অজস্র পঙক্তি।

কেএসকে

আরও পড়ুন