ভিডিও ENG
  1. Home/
  2. সাহিত্য

বৈশাখ ও নিঃসঙ্গ ভাবনা

তানজিনা পৃথা | প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০৭ এপ্রিল ২০২৬

বৈশাখ
অনেকগুলো বৈশাখ গেল অথচ কেউ
আমায় আহ্লাদে জড়িয়ে ঠোঁটে উষ্ণ ছোঁয়ায়
দু’হাতে কাছে টেনে বলেনি,
"তোমার খোঁপায় বেলী ফুল দেখতে চাই;
হাতে লাল রেশমি চুড়ি, আলতা পায়ে
নুপুরের শব্দ শুনতে চাই।
আটপৌরে জামদানি, কপালে একখানা টিপ,
চোখে হালকা কাজলে হরিণী চাহনি।
এই পরিপূর্ণ সাজে তোমায় নিয়ে মেঘনার
মোহনায় পা ভেজাতে চাই, হাতে হাত রেখে।
প্রচণ্ড তাপদাহে কপালে বেয়ে পড়া ঘাম মুছে
গাছের ছায়ায় শীতলতা পোহাব তোমায় নিয়ে।"
কেউ আমায় বলেনি, "তোমার হাজারো কাজের ভিড়ে
একটা দিন তোমার আনন্দলোকে নিশ্চুপ হারাতে চাই।
বৈশাখ; দিনটা যে আমারও, এবার না হয় আমাদের হোক।"
কেউ আমায় ভালোবাসা মাখা কণ্ঠে বলেনি,
"তোমার দুয়ারে আমি দাঁড়িয়ে,
লাভ-ক্ষতির হিসেব না হয় পরে মেলাবো,
এবেলা যাবে আমার সাথে, চলন্ত জীবনে
এক দণ্ড নিজেদের রাজ্যে হারাতে?"

দুই
নিঃসঙ্গ ভাবনা
কিছু চাপা কষ্ট একাকীত্বের সঙ্গী,
অবসরযাপনের বিনোদনসাথী।
নিজেকে নিয়ে ভাববার ক্ষণিকের আনন্দটুকুও স্বার্থপরতা,
কেউ মাথায় হাত রেখে এক দণ্ড আশ্বাস দেবে?
ঝুলি থেকে অনেকখানি অপচয়!
নিজের ভাবতে কার্পণ্য; এই বুঝি সম্পদের অংশীদারিত্ব।
তাই বুঝি এত আকুতি ভালো থাকবার!
বুকের পাঁজরে মাথা গুঁজবার অধিকার?
হাস্যরসের উপকরণ মাত্র—তোমায় বলছি,
শুনছ তো? তোমার ভালো লাগার বলিতে
বিসর্জিত ভালোবাসা নীরব, অশ্রুসিক্ত,
যার মূল্য দেওয়ার যোগ্যতা তোমার নেই;
কোটি টাকার কাগজের নোটের ভিড়েও।
শুনছ তো? তোমায় বলছি; প্রতিশোধের
ভালোবাসায় অশ্রুসিক্ত নয়ন তোমার প্রতীক্ষায়,
ভালো লাগার ভেলায় ভেসে ভালোবাসবে তো?

তিন
কল্পরাজ্য
ভেবেছিলাম কল্পলোকের গল্পকথায় রাজ্য জয় হবে,
অসীম সাহসে রচিত হবে নীরব ভালোবাসার উপাখ্যান।
যে প্রেমের প্রতি পাতায় আবেগী তোমার বর্ণনা দেবো
ভালো লাগা আর ভালোবাসার জলকেলিতে নিরন্তর।
তোমার পাশে থাকা সূর্যের আলোকরশ্মির জ্বলন্ত আভা,
একরাশ হাসির অপূর্ণ আনন্দে উচ্ছ্বসিত মুহূর্তের বিমর্ষ উদযাপন।
তার মাঝেও ভিন্ন অস্তিত্বের ক্রমবর্ধমান যাওয়া-আসা—
এ কষ্ট তোমায় বোঝাব, এতটা ভালো তো তোমায় বাসতে পারিনি!
কি লজ্জা, কি নির্মমতা—হৃদয় চিরে দেখাবার সুযোগ নেই,
অপমানের দুঃসহ মুহূর্তগুলোর সাগরের বেলাভূমিতে নিঃশর্ত আত্মসমর্পণ।
নিস্তেজ মন আর নিথর দেহ, তীব্র কষ্টে গন্তব্যহীন ছুটে চলা পথিক,
তোমার থেকে দূরে থাকা অমাবস্যার কালো, ঘুটঘুটে অন্ধকার,
মনের ভেতর বয়ে বেড়ানো দুঃখভারের হাতড়ে বেড়ানো সমাধান।
আমি কেবল ঝরে পড়া এক বিন্দু শিশিরকণা, যার অস্তিত্ব
তোমায় জড়িয়েই; তুমিহীন আমি হাওয়ায় উড়ন্ত বায়ুকণা।

এইচআর/এএসএম