ভিডিও ENG
  1. Home/
  2. সাহিত্য

আনিস ফারদীনের কবিতা

মানুষ না থাকলে শহর মরে যায় এবং কবিতার গন্তব্যে বৃষ্টি

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৬:১৬ পিএম, ১৫ এপ্রিল ২০২৬

মানুষ না থাকলে শহর মরে যায়

তুমি বলেছিলে, তোমার একটা শহর প্রয়োজন
আর আমি চেয়েছি শুধু মানুষ
কালের যাত্রায় তুমি বিস্তীর্ণ অলিগলি সমেত
আস্ত একটা শহর পেয়েছো।

কিন্তু জন-মানবহীন!

যাত্রাপথে আমি পেয়েছি শহরবিহীন
অসংখ্য মানুষ—
যেখানে নেই কোনো অট্টালিকা
প্রাচুর্যের ঢলাঢলি
আছে ঘাত-প্রতিঘাতে বেঁচে থাকা অসংখ্য মানুষ।

বৈপরীত্যের শোকেস সামনে রেখে
আজ দুজনে ক্যালকুলেটর টিপে হিসেব কষছি—
কে কতটুকু জিতেছি—
কিংবা কতটুকু হেরেছি এক জীবনে
কে পেয়েছে বাগান আর কে পেয়েছে কাঠগোলাপ!

****

কবিতার গন্তব্যে বৃষ্টি

মাদকতার মুগ্ধতায় ঝরে চলে বৃষ্টি
ক্ষয়হীন প্রেমের অচল পথ ভাসিয়ে দেয়
নিঃশ্বাসের পাহাড় জমে এই বুকে
আমার বেলকনিতে দাঁড়ায় ব্যঞ্জনার কবিতারা।

নৈঃশব্দের স্মৃতিগুলো এসে দাঁড়ায় সামনে
হাত বাড়িয়ে ভিজে যাই সেই বৃষ্টিতে
আনমন আলাপনের ভিড়ে এসে যায় কেউ
বকুল ভিজে যায় গন্ধ বিলিয়ে।

এলোমেলো চুলে খাপছাড়া মেহেদি হাত
আবেগের সর্পিল স্রোতে ভেসে যায় রোজ
না-বলা কথায় অজস্র উপমা
বৃষ্টি ঝরে আনমনে কবিতার গন্তব্যে!

এসইউ

আরও পড়ুন