দুই মাসের মধ্যে আইটি খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ: প্রেস সচিব
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী দুই মাসের মধ্যে আইটি খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, আইসিটি মন্ত্রণালয়কে ঘিরে আইসিটি এবং ডিজিটালাইজেশনকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে নানান অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা একটা শ্বেতপত্র তৈরি করতে চেয়েছিলেন। এটি অন্তর্বর্তী সরকারের একটি সিদ্ধান্ত।
তিনি বলেন, শ্বেতপত্র প্রণয়নে আগামী দুই/একদিনের মধ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের চিন্তাভাবনা চলছে। এই কমিটিতে বিশ্বের স্বনামধন্য অর্থনীতিবিদ, যারা আইসিটি নিয়ে কাজ করেন তাদের অন্তর্ভুক্ত করা হবে।
শফিকুল আলম আরও বলেন, এ কমিটির মূল কাজ হবে এই যে ডিজিটালাইজেশন বা ডিজিটাল বাংলাদেশের নামে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি কীভাবে করেছে, কত টাকা পাচার হয়েছে, কোন কোন জায়গায় বেশি বেশি অর্থ লুটপাট হয়েছে তা খতিয়ে দেখা। এই দুর্নীতির ফলে আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছি সে ব্যাপারে তদন্ত করে কমিটি দুই মাসের মধ্যে শ্বেতপত্র তৈরি করবে।
ব্রিফিংয়ে ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
এমইউ/বিএ/এএসএম/ইএ
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ২ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৩ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
- ৪ বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৫ বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা