ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. রনি (১৯) নামের এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ৪টার দিকে ওই হাজতি কারাগারে হঠাৎ অসুস্থ বোধ করেন। পরে কারারক্ষীরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. বেলায়েত জানান, বিকেলের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ওই হাজতিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তারা মৃত ঘোষণা করেন।

মো. রনির হাজতি নম্বর ৩১৭/২৫। তার বাবার নাম আবুল কালাম। তবে কী মামলায় তিনি কারাগারে ছিলেন এ বিষয়ে কিছু জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কাজী আল-আমিন/এমকেআর/এএসএম