ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় যুবক নিহত

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর উত্তরায় রাজলক্ষী মার্কেটের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. ইব্রাহিম হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে নিয়ে আসা পথচারী মো. আজমান বলেন, উত্তরা পূর্ব থানাধীন রাজলক্ষী মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান ইব্রাহিমকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে পরে ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিহত যুবক ভোলা জেলার চরফ্যাশন থানাধীন কাশেমগঞ্জ গ্রামের গোলাম কিবরিয়ার সন্তান। বর্তমানে খিলক্ষেতের নিকুঞ্জ -২ এর চার নম্বর রোডের ২২ নম্বর বাসায় থাকতেন। নিহত যুবক সিটি ব্যাংকের বনানী শাখায় কর্মরত ছিলেন।

কাজী আল-আমিন/এএমএ/এমএস