ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

নিরাপত্তা জোরদার, রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২০৬

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১১ মার্চ ২০২৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তালেবুর রহমান বলেন, জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

নিরাপত্তা জোরদার, রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২০৬

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের তথ্য জানিয়ে তিনি বলেন, সোমবার (১০ মার্চ) ২৪ ঘণ্টায় (দিন-রাত) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে দিনে ৩২৭টি ও ৩৪০টি টিম রাতে দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।

তিনি বলেন, ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে দুই পালায় সিটিটিসির ১৪টি, তিন পালায় অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর ১২টি এবং ডিএমপির সাথে রাতে র্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়া ডিএমপির সাথে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএনর ২০টি চেকপোস্ট পরিচালনা করা হয়।

নিরাপত্তা জোরদার, রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২০৬

গ্রেফতারদের তথ্য জানিয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ১৭ জন ডাকাত, ২০ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চারজন চাঁদাবাজ, ১৪ জন চোর, ১৩ জন চিহ্নিত মাদক কারবারি, ২৯ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি দেশীয় লোহার তৈরি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি, একটি খালি কার্তুজ, একটি চাকু, দুটি চাপাতি, একটি ছোরা, চারটি প্লাস্টিকের পাইপ, ১৬টি সিমকার্ড, ১৫ বস্তা পলিথিন, একটি বাস, দুটি মোবাইল ও নগদ ২২ হাজার ৩৯০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া দুই হাজার ৪৮৬ পিস ইয়াবা, ৪৩৯ গ্রাম গাঁজা ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

নিরাপত্তা জোরদার, রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২০৬

২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৫৩টি মামলা করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

কেআর/এমএএইচ/এএসএম