ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী শ্যালক-দুলাভাই

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৭ এএম, ১২ মার্চ ২০২৫

রাজধানীর মতিঝিল থানার টিএনটি স্কুলের সামনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন আব্দুল গাফফার (৩৫) ও মো. সুমন (২৫) নামে দুই ব্যক্তি। তারা দুইজনই কাপড় ব্যবসায়ী এবং আত্মীয়।

মঙ্গলবার (১১ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মো. কামরুল হাসান জানান, তারা দুজন কুমিল্লার মুরাদনগর এলাকার কাপড় ব্যবসায়ী। ঢাকায় মালামাল কেনার জন্য এসেছেন। মতিঝিল টিএনটি স্কুলে সামনে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাদের। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তবে তাদের কাছ থেকে কী কী নেওয়া হয়েছে তা জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিল এলাকা থেকে দুইজন ঢাকা মেডিকেলে এসেছে। তাদেরকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এসএনআর/জেআইএম