মিরপুরে ১০৫ ভরি সোনা ও ৩২ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪
র্যাবের অভিযানে গ্রেফতার ডাকাত সদস্যরা
রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে ১০৫ ভরি সোনা ও নগদ প্রায় ৩২ লাখ টাকা ডাকাতির ঘটনায় মূলহোতা মো. বিল্লাল হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার অন্য তিনজন হলেন- মো. হোসেন ওরফে সোহান (৩৩), বকুল বিবি (৫০) ও কুলসুম বিবি (৫০)।
শুক্রবার (৩১ অক্টোবর) র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি এ তথ্য জানান।
তিনি জানান, গত ১৯ অক্টোবর সকালে দারুসসালাম থানার গাবতলী হাজী আহসান উল্লাহ মসজিদ মার্কেট এলাকার এক ব্যবসায়ীর বাসায় প্রকাশ্য দিবালোকে এ ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ভুক্তভোগী তার ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত তার বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে তার স্ত্রীকে মারধর করে আলমারির লকার ভেঙে নগদ ৩১ লাখ ৫ হাজার টাকা, ১০৫ ভরি সোনা ও একটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।
ভুক্তভোগী বাসায় ফিরে এসে দেখেন আলমারি ভাঙা ও সব মালামাল উধাও। পরে বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দারুসসালাম থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।
ঘটনার পর র্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে। পরে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সদরঘাট থেকে মূলহোতা ও পরিকল্পনাকারী মো. বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়।
পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোলার উত্তর ভেদুরিয়ায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করে র্যাব-৪ এবং র্যাব-৮ এর যৌথ আভিযানিক দল। তাদের কাছ থেকে আলামতের ১ ভরি ১০ আনা সোনা এবং নগদ ৮০ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
টিটি/এমএএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ঢাকা ক্যান্টনমেন্টে ‘আর্মড ফোর্সেস ওয়ার কোর্স উইং’ উদ্বোধন
- ২ শিশু গৃহকর্মীকে নির্যাতন, স্ত্রীসহ বিমানের এমডি গ্রেফতার
- ৩ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ ডিএমপি কমিশনারের
- ৪ ঢাকায় নাশকতার পরিকল্পনা, নব্য জেএমবির সদস্য গ্রেফতার
- ৫ শিক্ষা-স্বাস্থ্য খাতে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি চলমান: টিআইবি