শোলাকিয়ায় ঈদ জামাতের নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ঈদ জামাতের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত হবে। সকাল ১০টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ঈদ জামাতের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, বিজিবির সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় সৃষ্টিসহ নিরলসভাবে দায়িত্ব পালন করবেন।
বিজিবি সর্বদাই সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে আসছে উল্লেখ করে তিনি প্রত্যাশা করেন, এই বৃহৎ ঈদ জামাত বিজিবি ও অন্যান্য বাহিনীর সম্মিলিত সহযোগিতায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে।
কেআর/এমআইএইচএস