উত্তরায় আগুন লেগে নিহত ৬
রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, ধারণা পুলিশের
শুক্রবার এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, ছবি: জাগো নিউজ
রাজধানীর উত্তরার একটি বাসায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় নিহত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। রান্নাঘর থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। গ্যাস সংযোগ অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের তদন্তে পরবর্তীতে জানা যাবে।

এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন উল্লেখ করে ওসি বলেন, একই পরিবারের তিনজন এবং বাকি তিনজন আরেক পরিবারের।
নিহতদের মধ্যে এক পরিবারের স্বামী-স্ত্রীসহ তিনজন রয়েছেন। তারা হলেন- কুমিল্লা সদরের নানুয়াদিঘির পাড়ের কাজী ফজলে রাব্বি, তার স্ত্রী আফরোজা আক্তার ও তাদের দুই বছরের ছেলে ফাইয়াজ রিশান। নিহত অন্য তিনজন হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দড়িপারশী এলাকার হাফিজ উদ্দিনের ছেলে হারিছ উদ্দিন ও মো. রাহাব এবং শহিদুলের মেয়ে রোদেলা।
আরও পড়ুন
উত্তরায় আগুনে নিহত বেড়ে ৬, সবাই দুই পরিবারের
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ সেক্টরের-১১ নম্বর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
টিটি/এসএনআর