পররাষ্ট্র উপদেষ্টা
অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি কূটনীতিকদের মন্তব্য করা ট্র্যাডিশন হয়ে গেছে
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন/ছবি: জাগো নিউজ
বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে প্রায়ই বিদেশি কূটনীতিকদের মন্তব্য করার বিষয়টি ট্র্যাডিশন হয়ে গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তিনি বলেন, অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি কূটনীতিকদের মন্তব্য করার পেছনে সমাজের বড় একটি অংশেরও দায় রয়েছে। তারাও চায়, অভ্যন্তরীণ ইস্যুতে কূটনীতিকরা মন্তব্য করুক। ফলে সবসময় বিদেশি কূটনীতিকদের দোষ দেওয়া যায় না।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে এক সাংবাদিক প্রশ্ন করেন—বাংলাদেশের নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনীতিকরা প্রায়ই মন্তব্য করেন, অথচ ভারতে অবস্থানরত কূটনীতিকরা এমন মন্তব্য করেন না বা তাদের করতে দেওয়া হয় না। এটিকে হস্তক্ষেপ হিসেবে দেখা উচিত কি না?
জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রত্যেক দেশে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কিছু কূটনৈতিক ট্র্যাডিশন তৈরি হয়ে যায়। ভারতের ক্ষেত্রে এক ধরনের ট্র্যাডিশন রয়েছে, আমাদের দেশেও তেমন একটি ট্র্যাডিশন দাঁড়িয়ে গেছে।
তিনি বলেন, বাংলাদেশে কূটনৈতিক কমিউনিটির অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার বিষয়টি এখন সংস্কৃতির অংশ হয়ে গেছে। অনেক সময় আমার মনে হয়েছে, সমাজের বড় একটি অংশও চায় তারা এসব বিষয়ে কথা বলুক। সে কারণে শুধু বিদেশি কূটনীতিকদের দোষ দেওয়া ঠিক হবে না।
অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বক্তব্য দেন। ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস প্রমুখ।
জেপিআই/এমকেআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, তবে ভোট দিতে না যাওয়া লোক বাড়বে কি না জানিনা
- ২ প্রথমবারের মতো সিইসির সঙ্গে জামায়াতের নারী নেত্রীদের বৈঠক
- ৩ পদ্মায় নিখোঁজ এমআইএসটির শিক্ষার্থীর সন্ধান মেলেনি, উদ্ধার অভিযান চলছে
- ৪ হজযাত্রী প্রতিস্থাপনে সোমবারের মধ্যে প্রমাণক দাখিল করতে হবে
- ৫ সালমান এফ রহমানকে দুদকের জিজ্ঞাসাবাদ