ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মোহাম্মদপুরে পলাতক যুবলীগ নেতার বাড়ি থেকে গ্রেনেড-বিস্ফোরক উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় যৌথ অভিযানে পলাতক এক যুবলীগ নেতার বাড়ি থেকে গ্রেনেড, ককটেল বোমা, গানপাউডারসহ বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় তিন নারীকে আটক করা হয়েছে।

তারা হলেন- মুকতা আক্তার (২৫), নাজমা আক্তার (৪০) ও কাকলী আক্তার (৩১)।

সোমবার (২ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের শেরেবাংলা ক্যাম্প সূত্র জানায়, ২ ফেব্রুয়ারি দিনগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা সেনাক্যাম্পের একটি দল ও মোহাম্মদপুর থানা পুলিশ ঢাকা উদ্যান এলাকায় একটি বাড়িতে যৌথ অভিযান চালায়।

অভিযানে দুটি লাইট গ্রেনেড, ১১টি ককটেল বোমা, ১২৫ গ্রাম গানপাউডার, বোমা তৈরির ৯ কেজি রাসায়নিক দ্রব্য এবং ৭.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ওই বাড়ি থেকে মুকতা আক্তার, নাজমা আক্তার ও কাকলী আক্তার নামে তিন নারীকে আটক করা হয়। তারা সবাই পলাতক সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মাইনউদ্দিন ইসলাম শুভর স্ত্রী ও বোন বলে জানা গেছে। মাইনউদ্দিন ইসলাম শুভর বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা জানান, মাইনউদ্দিন ইসলাম শুভ শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি সন্ত্রাসী ফয়সাল করিম দাউদের ঘনিষ্ঠ সহযোগী। হাদি হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি মাইনউদ্দিন ইসলাম শুভর ছিল বলেও স্বীকার করেন তারা।

গত বছরের ১৩ ডিসেম্বর ফয়সাল করিম দাউদ ও মাইনউদ্দিন ইসলাম শুভ একসঙ্গে ভারতে পালিয়ে যায় এবং যাওয়ার আগে উদ্ধার করা বিস্ফোরক ও মাদকদ্রব্যগুলো তাদের পরিবারের সদস্যদের জিম্মায় রেখে যান বলেও জানিয়েছে আটকরা।

পরে আটক তিন নারী ও উদ্ধার করা বিস্ফোরক ও মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

টিটি/এমএএইচ/