গুলশানে চাঁদরাত উৎসব
রাজধানীর গুলশানে পবিত্র ঈদুল ফিতর ঘিরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব ‘গুলশান সোসাইটি চাঁদরাত ২০২৬’। বুধবার সন্ধ্যায় গুলশান-২ লেক পার্কে উৎসব শুরু হলেও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বৃহস্পতিবার বিকেলে। এই আয়োজন বিকেল ৪টা থেকে শুরু হয়ে চলবে ২০ মার্চ সেহরি পর্যন্ত।
এই উদ্যোগ বাস্তবায়ন করছে গুলশান সোসাইটি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের যৌথ প্রচেষ্টায়, যেখানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ব্যাংক এশিয়া। আয়োজকদের মতে, আধুনিক নগরজীবনের ব্যস্ততার মধ্যে হারিয়ে যাওয়া চাঁদরাতের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির আবহকে নতুন করে ফিরিয়ে আনাই এই উৎসবের মূল লক্ষ্য।
উৎসবের দর্শনার্থীদের জন্য রয়েছে বৈচিত্র্যময় আয়োজন। ৩০টিরও বেশি স্বনামধন্য ব্র্যান্ড তাদের স্টল নিয়ে অংশগ্রহণ করছে, যেখানে প্রিমিয়াম লাইফস্টাইল পণ্য, হাতে তৈরি গয়না, ঘর সাজানোর সামগ্রী এবং দেশি-বিদেশি শিল্পকর্ম প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে।
সমগ্র আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আর, কে. হোসেন গুলশান সোসাইটির সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আহসান হাবিব এবং সাংস্কৃতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান শ্রাবন্ধী দত্ত প্রমুখ।
সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও প্রাণবন্ত করে তুলতে প্রতিদিন থাকছে সুফি সংগীত, গজল ও কাওয়ালি পরিবেশনা। পাশাপাশি শিশুদের জন্য রাখা হয়েছে ঐতিহ্যবাহী পুতুলনাচ, যা পরিবারসহ দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করছে।
উৎসবের দ্বিতীয় দিনে বৃষ্টি কাটিয়ে নতুন উদ্দীপনায় শুরু হওয়া এই আয়োজন নগরবাসীর মধ্যে ঈদের আগমনী আনন্দকে আরও রাঙিয়ে তুলবে বলে আশা করছেন আয়োজকরা।
এমএমএ/এমআইএইচএস