আড়াই ঘণ্টা পর সাতরাস্তা ছাড়লেন শিক্ষার্থীরা, তবুও যানজট
অবরোধের প্রায় আড়াই ঘণ্টা পর রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় ছেড়েছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ থাকায় সাতরাস্তা মোড়, মহাখালী ও আশপাশের সড়কে যানজট কমেনি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জাগো নিউজকে জানান, দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর সোয়া ৩টা পর্যন্ত ২ ঘণ্টা ৪০ মিনিট তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে রেখেছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ৮০০ শিক্ষার্থী। দীর্ঘক্ষণ সড়ক বন্ধ থাকায় যানজট কমাতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
এর আগে ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, সাতরাস্তা মোড় একটি গুরুত্বপূর্ণ সড়ক। ওই সড়ক অবরোধের ফলে বিজয়নগরসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কেও প্রভাব আছে। আর মহাখালীর দিক থেকে আসা যানবাহন ডাইভারশন দিয়ে পাস করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন। সরকারকে এ সুপারিশ বাতিল করতে হবে।
কারিগরি ছাত্র আন্দোলনের সদস্য আরিফ বিল্লাহ বলেন, সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করার সুযোগ পান। তবে বর্তমান সরকার উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে বলে তারা জানতে পেরেছেন। এমন সুপারিশ বাতিল না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
টিটি/এমআইএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ ‘নীরব জোন’ বাস্তবায়নে অভিযান, ২৫ মামলায় জরিমানা ১২ হাজার ৫০০ টাকা
- ২ মানবাধিকার কার্যালয়ের প্রধান পদে এখনো যোগ দেননি মনোনীত কর্মকর্তা
- ৩ নতুন করে চার সংসদীয় আসনে পোস্টাল ব্যালট ছাপাচ্ছে ইসি
- ৪ ডিজিএফআইর সাবেক ডিজি সাইফুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ৫ আড়াই ঘণ্টা পর সাতরাস্তা ছাড়লেন শিক্ষার্থীরা, তবুও যানজট