নোয়াখালীতে ফেরি সার্ভিসে অব্যবস্থাপনার অভিযোগ, তদন্ত কমিটি গঠন
বিআইডব্লিউটিসি
নোয়াখালীর চেয়ারম্যানঘাট-হাতিয়া ফেরি সার্ভিসে সংঘটিত সাম্প্রতিক ও অব্যবস্থাপনার অভিযোগে একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২ ফেব্রুয়ারি পরিচালিত মিডিয়াম রো-রো ফেরি ‘মহানন্দা’ সকাল ৮টা ২০ মিনিটে চেয়ারম্যানঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করে এবং ১০টার পর হাতিয়ায় পৌঁছায়। অভিযোগ রয়েছে, হাতিয়ায় পৌঁছানোর পর ফেরির ইঞ্জিন মাস্টার যাত্রী নামিয়ে ফেরি লোড না নিয়ে ঘাট ত্যাগ করে চলে যায়। পরবর্তীতে ফেরিটি রাত পৌনে ১২টায় ঘাটে আসে এবং রাত ১২টা ২০ মিনিটে ফেরি ছেড়ে যায়।
এ ঘটনায় ফেরি পরিচালনা, সময় ব্যবস্থাপনা এবং যাত্রী ও যানবাহন পরিবহনে অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ক্লিপ আকারে ছড়িয়ে পড়লে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের দৃষ্টিগোচর হয়। এরপর এ ঘটনার সত্যতা যাচাই, দায়-দায়িত্ব নির্ধারণ, ফেরির সময়সূচি নির্ধারণ এবং ভবিষ্যতে ফেরি সার্ভিস সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনায় বিআইডব্লিউটিসিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা।
গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান বরাবর একটি সুস্পষ্ট প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সার্ভিস সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরএমএম/বিএ