ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে পেশাজীবীদের নির্বাচনি প্রচারণা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০০ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরঝিল এলাকার পুলিশ প্লাজার সামনে থেকে শুরু হওয়া এ প্রচারণা মিছিল ও পথসভায় চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, কৃষিবিদ ও আইনজীবীসহ বিপুলসংখ্যক পেশাজীবী অংশ নেন।

বিএনপির নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মিছিলটি হাতিরঝিল পুলিশ প্লাজার সামনে থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গুলশান-১ ও গুলশান-২ হয়ে গুলশান গোলচত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা তারেক রহমানের ছবি, ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা বহন করেন। এসময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা বিএনপির দাবি-দাওয়া তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

পথসভায় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে।

তারা আরও বলেন, ঢাকা-১৭ আসন থেকে বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও ঐক্যবদ্ধ হয়েছে।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, প্রফেসর ফরহাদ হালিম, প্রফেসর এ বি এম ওবায়দুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনিসহ দলের শীর্ষস্থানীয় পেশাজীবী নেতারা। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কৃষিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা মিছিলে অংশ নেন।

কেএইচ/এমআইএইচএস