ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

‘ভেবেছিলাম আজ ভিড় হবে না, এসে দেখি টিকিট কাটতেই জীবন শেষ’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২৩ মার্চ ২০২৬

ঈদুল ফিতরের তৃতীয় দিনেও পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাজধানীর বাসিন্দারা। সোমবার (২৩ মার্চ) বিকেলে রাজধানীর বিমান জাদুঘর, নভোথিয়েটার ও সামরিক জাদুঘর ঘুরে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।

সরেজমিনে এসব বিনোদনকেন্দ্রে ঢুকতেই প্রধান ফটকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে দর্শনার্থীদের। টিকিট সংগ্রহ শেষে লাইনের মাধ্যমে টিকিট চেক করে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন চেকাররা। 

jagonews24

বিনোদন কেন্দ্রগুলোতে শিশুদের দৃষ্টি আকর্ষণে নানান পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। শিশু-কিশোরদের কোলাহলে মুখর এই স্থানগুলোতে যেন ঈদের সাজ সাজ রব চলছে।

সামরিক জাদুঘরে শিশুদের নিয়ে ঘুরতে এসেছেন হেকমত শেখ। জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, সবসময় পরিবারকে সময় দেওয়া হয় না। সাধারণত ঈদের ছুটিতে ফাঁকা শহরে পরিবার নিয়ে বের হতে পারি। ঈদের দিন থেকেই পরিবার নিয়ে ঘুরছি। গতকাল (রোববার) চিড়িয়াখানায় গিয়েছিলাম। আজ এখানে এলাম। নভোথিয়েটার ঘুরে বাসায় ফিরবো।

jagonews24

‘আগামীকাল থেকে অফিস শুরু। চাইলেও ঘুরতে বের হতে পারবো না। এজন্য যতটুকু সম্ভব ছুটির দিনগুলো সবাইকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। উপভোগ করছি’—বলেন হেকমত শেখ।

বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরে ঘুরতে আসা মো. আলমগীর বলেন, ঈদের দিন পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। কিন্তু অনেক ভিড় ছিল। এরপর আর বের হইনি। আজ ছুটির শেষ দিন। ভেবেছিলাম, আজ হয়তো এতটা ভিড় হবে না। বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছিলাম। কিন্তু এসে দেখি টিকিট কাটতেই জীবন শেষ। এখন আর ঘোরার এনার্জি নেই।

jagonews24

সেখানেই কথা হয় নিলয় হাসান নামে একজনের সঙ্গে। তিনি বলেন, বাচ্চারা ঘুরতে পছন্দ করে। সুযোগ পেলেই ওদের নিয়ে ঘুরতে বের হই। বাচ্চাদেরও ঘরের ভেতর আবদ্ধ না রেখে ঘুরতে নিয়ে যাওয়া উচিত। তা না হলে তারা শিখবে কীভাবে, জানবে কীভাবে, চিনবে কীভাবে। তাদের মেধার বিকাশের জন্য নতুন নতুন জায়গায় নিয়ে যাওয়া প্রয়োজন। 

কেআর/এমকেআর