বাংলাদেশ থেকে গুমের অপরাধ চিরতরে বিচ্ছিন্ন করে ফেলবো: আসিফ নজরুল
আইন উপদেষ্টা আসিফ নজরুল/ফাইল ছবি
বাংলাদেশ থেকে ‘গুম’ নামক অপরাধকে চিরতরে বিচ্ছিন্ন করে ফেলা হবে বলে জানিয়েছেন আইন ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেছেন, গুমের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স ছিল। এই জিরো টলারেন্সের যে ভিত্তিভূমি স্থাপন করেছি আগামী সরকার সেগুলো অবশ্যই অব্যাহত রাখবে। বাংলাদেশ থেকে গুম নামক অপরাধকে আমরা চিরতরে বিচ্ছিন্ন করে ফেলবো।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে (বিলিয়া) মানবাধিকার সংস্থা ‘অধিকার’ আয়োজিত গুমের শিকার ব্যক্তির পরিবার এবং গুম হয়ে ফেরত আসা ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব বলেন।
আসিফ নজরুল বলেন, আমরা গুমের বিচার শুরু করেছিলাম বিচারপতি মঈনুল ইসলামের নেতৃত্বে। ওই কমিশন অসাধারণ দক্ষতা ও কমিটমেন্টের সঙ্গে কাজ করেছে। কমিশনের রিপোর্টের ভিত্তিতে গুমের বিচার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী গঠিত। আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালত রয়েছে, সেখানে অলরেডি গুমের বিচার শুরু হয়েছে।
তিনি বলেন, আমরা গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ প্রণয়ন করেছি। সেখানে গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকে গুমের ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ১২০ দিনের মধ্যে গুমের বিচার করার জন্য গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করার বিধান রাখা হয়েছে।
আইন উপদেষ্টা বলেন, জাতীয় মানবাধিকার কমিশন সংস্কার করে আইন করেছি। সেখানে জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ করা হয়েছে। গুমসহ যে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীসহ যে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানবাধিকার কমিশন তদন্ত এবং মামলা করতে পারবে।
‘মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ গুমের ঘটনা ঘটলে ক্ষতিপূরণ আদায় করতে পারবে। কমিশন এ সংক্রান্ত তদন্ত এবং বিচারের জন্য যে প্রতিষ্ঠানকে যে নির্দেশনা দেবে সেগুলো বাধ্যতামূলক হবে। এটা অমান্য হলে শাস্তির বিধান রয়েছে।’
গুমের শিকার ব্যক্তির পরিবারকে সহানুভূতি জানিয়ে তিনি বলেন, আমরা আপনাদের কথা দিচ্ছি, এই সরকারে যারা আছি তারা যখন দায়িত্ব থেকে সরে যাবো তখন গুম প্রতিরোধে এই সরকারে আসার আগে আমাদের যে ভূমিকা ছিল সেটা আরও শক্তিশালীভাবে অব্যাহত রাখবো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান প্রমুখ।
কেআর/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ প্রার্থী-রাজনীতিবিদের সঙ্গে ছবি না তোলা ও কারও সহায়তা না নিতে নির্দেশ
- ২ বাংলাদেশ থেকে গুমের অপরাধ চিরতরে বিচ্ছিন্ন করে ফেলবো: আসিফ নজরুল
- ৩ হাদি হত্যায় জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে’ অন্তর্বর্তী সরকার
- ৪ জাতীয় মানবাধিকার কমিশনে চেয়ারপারসন ও চার কমিশনার নিয়োগ
- ৫ কৈশোরে পাকিস্তানে পাচার, বৃদ্ধা হয়ে দেশে ফিরছেন পাঁচ নারী