সজাগ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন
সজাগ অ্যাপসহ মোট পাঁচটি অটোমেশন উদ্যোগের উদ্বোধন
অবৈধ খনিজ উত্তোলন বন্ধ ও জনসেবা আরও জনবান্ধব করতে সজাগ অ্যাপসহ মোট পাঁচটি অটোমেশন উদ্যোগের উদ্বোধন করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিদ্যুৎ ভবনের বিজয় হলে এসব সেবা উদ্বোধন করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় কেয়ার স্টেশন, এক্সপ্লোসিভ লাইসেন্স অটোমেশন, ওয়েল পারচেজ নেগোসিয়েশন, ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড এবং সজাগ অ্যাপ ও অটোমেশন সেবা উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, কেয়ার স্টেশনের মাধ্যমে দেশের ফিলিং স্টেশনের টয়লেটগুলোর পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে। এর মাধ্যমে দেশের প্রায় ২০ হাজার ফিলিং স্টেশনের টয়লেট নিয়মিত পরিদর্শনের মাধ্যমে পরিচ্ছন্নতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।
অন্যদিকে বিস্ফোরক লাইসেন্স সেবায় জনভোগান্তি ও স্বচ্ছতার জন্য চালু করা হচ্ছে এক্সপ্লোসিভ লাইসেন্স অটোমেশন সেবা। এছাড়া ওয়েল পারচেজ নেগোসিয়েশনের মাধ্যমে পেট্রোলিয়াম জাতীয় সব দ্রব্যাদি আমদানির ক্ষেত্রে সরকারি অর্থের টাকার অপচয় রোধ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যাবে।
ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড হবে তেল ও গ্যাসের উৎপাদন, মজুত, সরবরাহ, বিপণন সম্পর্কিত রিয়েল-টাইম ডেটা ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম। আর সজাগ অ্যাপের মাধ্যমে অবৈধ খনিজ উত্তোলন প্রতিরোধ করা যাবে।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান অ্যাপ ও আটোমেশনগুলোর নানা কার্যক্রম দেখে সেসব আরও জনবান্ধব করার বিষয়ে দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, এগুলোর বেশিরভাগ চালু করার মতো প্রস্তুত নয়, তারপরও আমি উদ্বোধন করে দিলাম। এগুলো আরও জনবান্ধন করতে হবে।
উপদেষ্টা আরও বলেন, এসব দিয়ে মানুষের কী উপকার হবে, তারা কি টয়লেট পরিষ্কার পাবে, সত্যি কি তারা দ্রুত বিস্ফোরক লাইসেন্স পাবে? সেটা নিশ্চিত করতে হবে।
এনএইচ/ইএ
সর্বশেষ - জাতীয়
- ১ নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির
- ২ শিল্পাঞ্চলের ১০ ফেব্রুয়ারির ছুটি পরে সমন্বয় করা যাবে, প্রজ্ঞাপন জারি
- ৩ যুক্তরাজ্য থেকে আধুনিক জরিপ জাহাজ কিনছে নৌবাহিনী
- ৪ নারী প্রার্থী মনোনয়নে জুলাই সনদে করা অঙ্গীকার বাস্তবায়িত হয়নি
- ৫ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করেছে সরকার