পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫০৬৭ বন্দি, ভিআইপি ৫৬ জন
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রথমবারের মতো কারাগারে বা আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। দেশের ৭২টি কারাগারে গত সাতদিনে ৫ হাজার ৬৭ জন বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে নারী বন্দি ১৯৮ জন এবং ভিআইপি বন্দি ৫৬ জন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ।
এআইজি জান্নাত-উল-ফরহাদ জানান, বন্দিদের মধ্যে ৩ ফেব্রুয়ারি ভোট দিয়েছেন ১৫২১ জন, ৪ ফেব্রুয়ারি ৯৮৮ জন, ৫ ফেব্রুয়ারি ১১৩৮ জন, ৬ ফেব্রুয়ারি ৪২০ জন, ৭ ফেব্রুয়ারি ৪৭১ জন, ৮ ফেব্রুয়ারি ২৯৫ জন এবং ৯ ফেব্রুয়ারি ২৩৪ জন। এর মধ্যে নারী বন্দি ১৯৮ জন ও ভিআইপি বন্দি ৫৬ জন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে না পারলেও কারাগারে থাকা ২৫ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ ৪৯ জন ভিআইপি বন্দি ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন। তবে যেসব বিশেষ বন্দি ভোট দেননি, তাদের বিস্তারিত তালিকা এখনো পাওয়া যায়নি বলে জানান জান্নাত-উল-ফরহাদ।
কারা অধিদপ্তর সূত্র বলছে, দেশের ৭২টি কারাগারে বন্দির সংখ্যা ৮৭ হাজারের কাছাকাছি। ভোট দেওয়ার জন্য তাদের মধ্যে নিবন্ধন করেন ছয় হাজার ৩১৩ জন। আবার ৩৫৩টি নিবন্ধন আবেদন নাকচ করেছে নির্বাচন কমিশন। ফলে ৮৭ হাজার বন্দি থাকলেও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন মাত্র ৫ হাজার ৯৬০ জন। তাদের মধ্যে আবার প্রায় ৩০০ জন নিবন্ধন করার পর জামিনে বাইরে আছেন।
আইন অনুযায়ী যোগ্য বন্দিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
টিটি/এমএএইচ/