ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সায়েদাবাদ

যাত্রীদের উপচে পড়া ভিড়, বাস সংকট, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন সামনে রেখে টানা চার দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে বুধবার (১১ ফেব্রুয়ারি)। তাই মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোটের আগে শেষ কর্মদিবসে অফিস শেষে গ্রামের বাড়িতে ছুটছেন নগরবাসী। কর্মের কারণে রাজধানীতে থাকলেও অনেকেরই গ্রামের বাড়িতে ভোটার। তাই ভোট দেওয়ার তাগিদে গ্রামে যেতে ভিড় জমিয়েছেন বাস স্টেশনে।

মঙ্গলবার রাত ৮টার পর রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, যাত্রীদের উপচে পড়া ভিড়। হাজার হাজার যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করছেন। গাড়ির সংখ্যা খুবই কম। কোনো কোনো যাত্রী জানিয়েছেন, ঈদের সময়ও তারা এত ভিড় ও সংকট দেখেননি।

যাত্রীরা অভিযোগ করেছেন, বাস মালিকরা সংকট সৃষ্টি করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।

তবে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, যানজট থাকায় গাড়ি ঢাকায় প্রবেশ করতে পারছে না।

দুই বোনকে নিয়ে আরিফ হোসেন লাকসাম যাবেন। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন কিন্তু কোনো গাড়ি পাচ্ছেন না। রাত সাড়ে‌ ৮টার দিকে তিনি বলেন, ‘এই দেশ আর ঠিক হবে না। লাকসামের ভাড়া আড়াইশো থেকে ৩০০ টাকা। কিন্তু ৫০০ থেকে ৬০০ টাকার নিচে কোনো গাড়িই যাচ্ছে না। এভাবে ইচ্ছা মতো ভাড়া নেওয়া হলেও কেউই দেখছে না। কি সংস্কার হলো দেশে? আমাদের সেই ভোগান্তি তো রয়েই গেছে।’

jagonews24

মো. সোহরাব হোসেনের গ্রামের বাড়ির লক্ষ্মীপুর। তিনি সেখানকার ভোটার। তিনি বলেন, বিকেল ৩টায় আমি সায়েদাবাদ এসেছি। এখনো গাড়ি পাইনি। লক্ষ্মীপুরের ভাড়া ৫০০ টাকা, কিন্তু এখন চাইছে এক হাজার টাকা।

তিনি বলেন, বেশি ভাড়া দিয়ে যাবো না। যাওয়াটা খুব বেশি জরুরি নয়, গাড়ি না পেলে বাসায় ফিরে যাবো।

ভোট দিতে গ্রামের বাড়ি কুমিল্লায় যাবেন সাদিকুল ইসলাম। তিনি বলেন, ঈদের সময়ও তো এত ভিড় দেখিনি। যাত্রী আছে, বাস নেই। এই সুযোগে বাসওলারা যাত্রীগো পকেট কাটছে।

সায়েদাবাদে জোনাকি সার্ভিসের কাউন্টারের সামনে রাত সাড়ে ৮টার দিকে শত শত মানুষের ভিড় দেখা গেছে। গাড়ি না থাকা ও অতিরিক্ত ভাড়া নেওয়ায় যাত্রীদের সঙ্গে কাউন্টার কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে কাউন্টারের কর্মীরা কাউন্টারের সাটার নামিয়ে দেন।

সায়েদাবাদ রেললাইনের পূর্ব পাশে অন্যান্য সময়ে বাস পূর্ণ থাকলেও সন্ধ্যার পর গিয়ে সেখানে দু-একটি বাস দেখা গেছে। বাস না থাকায় ফাঁকা জায়গাটিতে শত শত যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।

কাউন্টারের একজন কর্মী জানান, যাত্রাবাড়ী দিয়ে প্রবেশ পথে যানজট থাকায় গাড়ি ঢাকায় প্রবেশ করতে পারছে না। গাড়িগুলো রাস্তায় আটকে আছে। তবে গাড়িগুলো আসতে বেশি সময় লাগবে না। অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না বলো দাবি তার।

jagonews24

একটি বাসের কর্মী সুজন মিয়া বরিশালের যাত্রীদের ডাকছিলেন। ভাড়া কত? জানতে চাইলে বলেন, ৮০০ টাকা। যাত্রীরা জানিয়েছেন অন্য সময়ে এ ভাড়া ৪০০ থেকে ৫০০ টাকা।

জনপথ মোড়, যাত্রাবাড়ী, দোলাইপাড়, শনিরআখড়ায় ওভারপাসের ওপর দূরপাল্লার যাত্রীদের ভিড় দেখা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। ভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) ছুটি থাকবে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) দুই দিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি। সেই হিসেবে ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

আরএমএম/এমআইএইচএস