আমাদের ঠিকানা মুক্তিযুদ্ধ, আমাদের ঠিকানা ৭১: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান/ছবি: জাগো নিউজ
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ‘আমাদের ঠিকানা মুক্তিযুদ্ধ, আমাদের ঠিকানা ৭১। কাজেই আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, এই মহান স্বাধীনতা এনেছি, আপনাদের সঙ্গে একমত হয়ে বলতে চাই- বাংলাদেশের স্বাধীনতা একবারই এসেছে। এর আগেও আসেনি, এর পরেও আসবে না।’
শনিবার (২৮ মার্চ) দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
আহমেদ আযম খান বলেন, ‘স্বাধীনতার পর আমাদের যে রাজনৈতিক অর্জন, সেখানে অনেক অর্জন আছে। ৯০-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম। ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। এটি আমাদের বড় একটা অর্জন।’
‘নিঃসন্দেহে স্বাধীন দেশে এই রাজনৈতিক অর্জনগুলো আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তাই বলে এগুলোর সঙ্গে আমরা যদি স্বাধীনতা সমান করে ফেলি, সেটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপর্যয়ের কারণ,’ যোগ করেন মন্ত্রী।
তিনি জানান, শহীদ মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং যারা মুক্তিযুদ্ধবিরোধী ছিলেন, তাদের সঠিক তালিকা জাতির সামনে প্রকাশ করা হবে।
মুক্তিযোদ্ধাদের ভাতা, বাড়ি ও চিকিৎসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ বিষয়গুলো নিয়ে কাজ করছে। বেশকিছু বাড়ি এরই মধ্যে তৈরি হয়েছে এবং তা চলমান আছে। ভাতা এবং চিকিৎসার বিষয়গুলো সরকারের বিবেচনায় আছে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামসহ অনেকে উপস্থিত ছিলেন।
এনএস/একিউএফ