নির্বাচন পর্যবেক্ষণে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক
ব্যালট বক্সসহ নির্বাচনি সামগ্রী কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে/ ছবি- জাগো নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে অন্তত ৩৯৪ জন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশে পৌঁছেছেন। এছাড়াও এসেছেন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের ১৯৭ জন বিদেশি সাংবাদিক। আগামীকাল বৃহস্পতিবার এই নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিত্ব করছেন। এছাড়া ২৩৯ জন দ্বিপাক্ষিক দেশ থেকে- যার মধ্যে স্বাধীন ইউরোপীয় পর্যবেক্ষকরাও রয়েছেন। এছাড়া ৫১ জন বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে অংশ নিচ্ছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। এছাড়া দ্বাদশ, একাদশ ও দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেছিলেন যথাক্রমে ১৫৮ জন, ১২৫ জন এবং মাত্র ৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক।
পর্যবেক্ষক মিশন পাঠানো উল্লেখযোগ্য সংস্থাগুলোর মধ্যে রয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল) ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের ২৭ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) ১৯ জন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) একজন। এছাড়া অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) থেকে ২ জন, ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি) থেকে ২ জন এবং ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস থেকে একজন পর্যবেক্ষক অংশ নিচ্ছেন।
আরও পড়ুন
দুই ঘণ্টা পরপর জানানো হবে ভোট পড়ার হার: ইসি
ভোটের পর দিন সকালেই বেশিরভাগ আসনের ফলাফল জানা যাবে
ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ২১টি দেশ থেকে পর্যবেক্ষকরা আসছেন। দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান (৮ জন), ভুটান (২ জন), শ্রীলঙ্কা (১১ জন), নেপাল (একজন), ইন্দোনেশিয়া (৩ জন), ফিলিপাইন (২ জন), মালয়েশিয়া (৬ জন), জর্ডান (২ জন), তুরস্ক (১৩ জন), ইরান (৩ জন), জর্জিয়া (২ জন), রাশিয়া (২ জন), চীন (৩ জন), জাপান (৪ জন), দক্ষিণ কোরিয়া (২ জন), কিরগিজস্তান (২ জন), উজবেকিস্তান (২ জন), দক্ষিণ আফ্রিকা (২ জন) এবং নাইজেরিয়া (৪ জন)।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সঙ্গে সম্পৃক্ত ৫১ জন পর্যবেক্ষক ব্যক্তি সক্ষমতায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আগমন প্রসঙ্গে সমন্বয় কার্যক্রমে সহায়তাকারী সিনিয়র সেক্রেটারি ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ বলেন, বিভিন্ন দেশ ও সংস্থার পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর সাড়া পেয়ে আমরা অভিভূত। এটি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন।
তিনি আরও বলেন, সংখ্যার পাশাপাশি পর্যবেক্ষকদের মানও অত্যন্ত আশাব্যঞ্জক। অনেক পর্যবেক্ষকেরই বিশ্বব্যাপী নির্বাচন পর্যবেক্ষণে বিস্তৃত অভিজ্ঞতা ও উচ্চতর যোগ্যতা রয়েছে, যা আমাদের জন্য ভীষণ আশ্বস্তকারী।
এবারের নির্বাচনে ৫০টিরও বেশি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীসহ ২ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হবে ‘জুলাই ন্যাশনাল চার্টার’ বিষয়ক গণভোট।
এমইউ/কেএসআর
সর্বশেষ - জাতীয়
- ১ গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা
- ২ নির্বাচনের আগের দিন সেনা-বিজিবি-পুলিশ-র্যাবের চেকপোস্ট, তল্লাশি
- ৩ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট নেতারা
- ৪ নির্বাচনে যে কোনো অরাজকতা নির্মূলে র্যাব প্রস্তুত: কমান্ডার তানভীর
- ৫ শাহজালালে স্ক্যানিংয়ে টাকা ধরা পড়ে, বিধিনিষেধ না থাকায় ছেড়ে দেওয়া হয়