ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

কড়া নিরাপত্তায় চলছে পুরান ঢাকার ভোটগ্রহণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০৭ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল থেকেই ভোটাররা নিজ নিজ কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। কেন্দ্রগুলোতে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা দিচ্ছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড়ও বেড়েছে।

সরেজমিনে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে প্রবেশের আগে ভোটারদের তল্লাশি করা হচ্ছে। কেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কয়েকজন ভোটার জানান, তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তুষ্ট। 

বিভিন্ন কেন্দ্রে র‍্যাব, সেনাবাহিনী, পুলিশ, ডিবি পুলিশ ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। বেশ কয়েকটি কেন্দ্রের সামনে সেনাবাহিনীর সদস্যদের অতিরিক্ত সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

ভোটার হাফিজুর রহমান বলেন, সকালে এসে লাইনে দাঁড়িয়েছি, পরিবেশ ভালো আছে। কোনো সমস্যা হয়নি।

সরকারি কবি নজরুল কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম জানান, নির্ধারিত সময়ে আমরা ভোটগ্রহণ শুরু করেছি। খুব সুন্দর পরিবেশেই সুশৃঙ্খলভাবেই ভোটাররা ভোট দিচ্ছেন।

টিএইচকিউ/জেএস