উৎসবমুখর ভোটকেন্দ্র, অভিভূত জাপানের প্রতিনিধি দল
কেন্দ্র পরিদর্শনে জাপানের পর্যবেক্ষক দল, ছবি: জাগো নিউজ
সকাল থেকে ঢাকার কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শনের পর জাপানের পর্যবেক্ষক দল জানিয়েছে, তারা ভোটকেন্দ্রগুলোকে বেশ উৎসবমুখর দেখছেন। জাপানের প্রতিনিধি দলটি শুধুমাত্র ঢাকার ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র পরিদর্শনের সময় জাগো নিউজকে এক পর্যবেক্ষক বলেন, ‘বাংলাদেশের মানুষ উৎসবপ্রিয়। বোঝা যাচ্ছে ভোটও তাদের কাছে একটি উৎসবের মতো।’ তিনি নাম প্রকাশ করতে চাননি।
পর্যবেক্ষক মিশনের নেতৃত্ব দিচ্ছেন রাষ্ট্রদূত ও জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান মাসাতো ওয়াতানাবে। তিনি পূর্বে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছেন। ভোটকেন্দ্র পর্যবেক্ষণের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে দীর্ঘদিন পর দেশে এসে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারছেন বলে জাগো নিউজকে জানিয়েছেন।
প্রতিনিধি দলে আরও আছেন রিক্কিও বিশ্ববিদ্যালয়ের আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ কলেজের সহযোগী অধ্যাপক নাওনোরি কুসাকাবে, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া বিভাগের প্রধান উপ-পরিচালক সোনোকো ইচিমুরা, একই বিভাগের সহকারী পরিচালক ইয়োশিয়াকি কোবায়াশি, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, বাংলাদেশে জাপান দূতাবাসের প্রথম সচিব ও রাজনৈতিক শাখার প্রধান কোমিনে কেন, রাজনৈতিক শাখার দ্বিতীয় সচিব নিশি ইউকি এবং দূতাবাসের রাজনৈতিক শাখার উপদেষ্টা সোনে কেইসহ অন্যান্যরা।
জেপিআই/জেএস/