মানবিক বাংলাদেশ গঠনে দাঁড়িপাল্লায় রায় দেবে জনগণ: শফিউল আলম
দাঁড়িপাল্লা প্রতীকে রায় দেবে বলে মন্তব্য করেছেন শফিউল আলম
মানবিক, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে জনগণ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে রায় দেবে বলে মন্তব্য করেছেন শফিউল আলম। তিনি বলেন, ইনসাফ, সাম্য ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই তাদের রাজনৈতিক অঙ্গীকার, আর সেই অঙ্গীকার বাস্তবায়নে জনগণের সমর্থনই সবচেয়ে বড় শক্তি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় নগরীর হালিশহর মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
শফিউল আলম বলেন, দেশে ন্যায়বিচার, মানবিকতা ও জবাবদিহিমূলক শাসনপ্রতিষ্ঠা করতে হলে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক এই প্রতীকে ভোট দিয়ে মানুষ তাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ার সুযোগ পাবে।
তিনি আরও বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে চাঁদাবাজদের মানুষ বয়কট করবে। সারাদেশে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ জামায়াতে ইসলামী সরকার গঠন করবে। জয়ের ব্যাপারে তিনি বলেন, আমি শতভাগ আশাবাদী।
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে অভিযোগ করে শফিউল আলম বলেন, কয়েকটি কেন্দ্রে বিএনপির সন্ত্রাসী বাহিনী জড়ো হয়েছে। আপনারা সত্যিটা তুলে ধরবেন বলে আমার বিশ্বাস। তিনি আশা করেন, জনগণ উন্নয়ন ও ন্যায়বিচারের পক্ষে জনগণ রায় দেবে।
এমআরএএইচ/এমআইএইচ