মির্জা আব্বাস মহিলা কলেজের ৩ কেন্দ্রে পড়েছে ২৬ শতাংশ ভোট
মির্জা আব্বাস মহিলা কলেজের ৩ কেন্দ্রে পড়েছে ২৬ শতাংশ, ছবি: জাগো নিউজ
ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস মহিলা কলেজের ৩টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এসব কেন্দ্রে মোট ভোট পড়েছে প্রায় ২৬ শতাংশ।
তিনটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ২৩০ জন। এর মধ্যে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন ২ হাজার ৩৮০ জন ভোটার। সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
মির্জা আব্বাস মহিলা কলেজের ২ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এ কেন্দ্রটি সম্পূর্ণ নারী ভোটারদের জন্য নির্ধারিত। এখানে মোট ভোটার ২ হাজার ৯৬৮ জন। বেলা সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ২৫ শতাংশ ভোট পড়েছে।
৩ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, খুবই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়ছে। এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৯৩৩ জন। এর মধ্যে এখন পর্যন্ত ৬৩৮টি ভোট পড়েছে, যা মোট ভোটের ২১ দশমিক ৫০ শতাংশ।
এদিকে, ১ নম্বর পুরুষ ও মহিলা যৌথ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ইমরান হোসেন জানান, এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২৯ জন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এখানে প্রায় ১ হাজার ভোট পড়েছে।
ইএআর/জেএস