ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ভোট শেষে ফলাফলের অপেক্ষায় বিভিন্ন দলের কর্মীরা

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট দেওয়া শেষে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দল ও প্রার্থীর সমর্থকদের ভিড় করতে দেখা গেছে। তারা কেন্দ্রের নির্ধারিত সীমানার বাইরে অবস্থান নিয়ে হাসি-আড্ডায় সময় কাটাচ্ছেন। অপেক্ষা করছেন ভোটের ফলাফলের।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জাগো নিউজের সঙ্গে আলাপকালে কয়েকজন জানান, ভোট গণনা চলাকালে তারা কেন্দ্রের বাইরেই অবস্থান করবেন। ফলাফল যাই হোক, সেটি জানার পরই তারা কেন্দ্র ছাড়বেন।  

আরও পড়ুন
সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা 
সরকার গঠনে প্রয়োজনীয় আসন পাওয়ার ব্যাপারে আশাবাদী তারেক রহমান 

ঢাকা-১৫ আসনের পীরেরবাগ আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে কথা হয় জামায়াতে ইসলামীর কর্মী আব্দুল আলিমের সঙ্গে। তিনি বলেন, গতরাত থেকেই এখানে আছি। ফলাফল নিয়েই বের হবো। ফলাফল যাই আসুক, শান্তিপূর্ণভাবে মেনে নেবো।  

কেন্দ্রের সামনে বিএনপিকর্মীদের এক ছাউনিতে কয়েকজন নারীকে সেলফি তুলতে দেখা যায়। নাতাশা আফরিন নামের এক কর্মী জাগো নিউজকে বলেন, ভোর থেকেই এখানে আছি। ভোটারদের ডেকে আনা, ভোটার নম্বর ও কেন্দ্র খুঁজে দিতে ব্যস্ত ছিলাম। এখন ভোট শেষ, তাই একটু আড্ডা দিচ্ছি। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকবো। ভালো ফল নিয়েই ঘরে ফিরতে চাই।

জেপিআই/কেএসআর