ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

কমনওয়েলথের পর্যবেক্ষণ

নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ওপর কোনো আক্রমণ হয়নি

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ওপর কোনো নির্দিষ্ট আক্রমণ বা দমনের ঘটনা দেখা যায়নি বলে জানিয়েছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন কমনওয়েলথ পর্যবেক্ষক দলের চেয়ার ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আডো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পর্যবেক্ষক দলের কাছে কোনো সরাসরি রিপোর্ট পাওয়া যায়নি যে, কোনো সংখ্যালঘু গোষ্ঠী নির্বাচনের সময় আক্রান্ত হয়েছে। তবে আমরা লক্ষ্য করেছি, কিছু অঞ্চলে সংখ্যালঘু ভোটার উপস্থিতির হার কম ছিল এবং বিভিন্ন সম্প্রদায়ের ভোটাররা তাদের উদ্বেগ প্রকাশ করেছে। এটি আমাদের চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়েছে। আমাদের পর্যবেক্ষণের ভিত্তিতে এটি একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত।

আকুফো-আডো আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং প্রতিটি নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষকরা দেখেছেন, যদিও দেশের একটি প্রধান রাজনৈতিক দল (আওয়ামী লীগ) নির্বাচনে অংশগ্রহণ করেনি, তবুও প্রায় সব প্রার্থীর জন্য ভোটাধিকার, প্রার্থী নিবন্ধন এবং ফল গণনা প্রক্রিয়া উন্মুক্ত ছিল। প্রায় ২ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এক প্রশ্নের জবাবে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের প্রধান বলেন, ভোটের সময় কোনো বড় ফ্রড বা জালিয়াতি দেখা যায়নি। নির্বাচনি প্রক্রিয়ায় কিছু ছোটখাট অনিয়ম হলেও আপিল প্রক্রিয়া এবং অভিযোগ নিষ্পত্তি স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে।

জুলাই সনদ সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে নতুন সরকারকে কি পদক্ষেপ নিতে হবে—এক সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে আকুফো-আডো বলেন, রেফারেন্ডামের (গণভোট) মাধ্যমে জুলাই সনদের শর্তাবলী বৈধতা পেয়েছে এবং এটি আইনগতভাবে বাধ্যতামূলক। এটি নতুন সংসদ এবং সরকারের ওপর প্রযোজ্য। সনদ বাস্তবায়নের দায় ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণের স্বীকৃতির মাধ্যমে এটি আরও শক্তিশালী হয়েছে।

জেপিআই/এমএমকে