ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

নির্বাচনে ৩ শতাংশ ভোট পেয়েছে এনসিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

 

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে। নির্বাচনে এনসিপি থেকে ৩২ প্রার্থী ভোটের মাঠে লড়াই করেছে। এর মধ্যে ছয়জন প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দলটির প্রার্থীরা এ নির্বাচনে মোট ২৩ লাখ ৬৫ হাজার ৫০১ ভোট পেয়েছেন, যা মোট ভোটের প্রায় ৩ দশমিক ০৫ শতাংশ। 

এনসিপি থেকে যে ছয়জন প্রার্থী বিজয়ী হয়েছেন- ঢাকা-৯ আসনে নাহিদ ইসলাম, রংপুর-৪ আসনে আখতার হোসেন, কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী-৬ আসনে আবদুল হান্নান মাসউদ, নারায়ণগঞ্জ-৪ আসনে আবদুল্লাহ আল আমিন এবং কুড়িগ্রাম-২ আসনে আতিক মোজাহিদ।

এনসিপির প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী আতিক মোজাহিদ। তিনি ওই আসনে ১ লাখ ৭৩ হাজার ৩২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ ছাড়া সর্বনিম্ন ভোট পেয়েছেন চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফ। তিনি ৩ হাজার ৩৪১ ভোট পেয়েছেন।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তার আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে জিতেছেন দুই হাজার ৩৯ ভোট বেশি পেয়ে। সদস্য সচিব আখতার হোসেন বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসার চেয়ে ৯ হাজারের বেশি ভোট পেয়ে জয় পেয়েছেন। নির্বাচনী প্রচারের সময় সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যসহ বিভিন্ন কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ঢাকা-৮ আসন। প্রচারণার ধরন ও প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীকে নিয়ে ধারাবাহিকভাবে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন এই আসনের এনসিপির প্রার্থী নাসীরুদ্দিন পাটওয়ারী। কিন্তু এই আসনে শেষ পর্যন্ত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কাছে প্রায় পাঁচ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন।

এনসিপির দুই আলোচিত নেতার একজন সারজিস আলম পঞ্চগড়-১ আসনে হেরে গেলেও কুমিল্লা-৪ আসনে জয়ী হয়েছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ এক লাখের বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত হলেও সারজিস আলম প্রায় ৮ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ নাওশাদ জমিরের কাছে।

এমওএস/জেএইচ