স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ধারাবাহিক সংস্কার: আইন-পাসপোর্ট সেবায় পরিবর্তন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ধারাবাহিক সংস্কার: আইন-পাসপোর্ট সেবায় পরিবর্তন
প্রশাসনিক দক্ষতা, জবাবদিহি এবং নাগরিকসেবা সহজীকরণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় একাধিক আইন, বিধিমালা ও নীতিমালায় সংস্কার কার্যক্রম গ্রহণ করেছিল অন্তর্বর্তী সরকার।
সংস্কারের অংশ হিসেবে ফৌজদারি কার্যবিধি সংশোধন থেকে শুরু করে পাসপোর্ট ইস্যু প্রক্রিয়া, ভিসানীতি, পুলিশ কমিশন গঠন ও ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষায় নতুন অধ্যাদেশ-বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরে প্রকাশিত এক পুস্তিকায় গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জানা গেছে।
ফৌজদারি কার্যবিধিতে সংশোধন
ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮–এর ১৭৩(৩) ধারায় সংশোধন এনে তদন্তাধীন প্রতিবেদন দাখিলের ক্ষেত্রে নতুন বিধান যুক্ত করা হয়েছে। সংশোধনী অনুযায়ী, উপযুক্ত পুলিশ কর্তৃপক্ষ প্রয়োজনে কর্মকর্তাকে তদন্তাধীন প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
এছাড়া দ্বিতীয় সংশোধনের মাধ্যমে গ্রেফতার, জামিন, আদালত ও বিচারসংক্রান্ত কিছু প্রক্রিয়া যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশ যাচাই ছাড়াই পাসপোর্ট ইস্যু
পাসপোর্ট ইস্যু প্রক্রিয়া দ্রুত করতে পুলিশ যাচাই শিথিল করা হয়েছে। এর ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে বিপুলসংখ্যক নতুন পাসপোর্ট ইস্যু সম্ভব হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের জন্যও সহজ শর্তে পাসপোর্ট প্রদান কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।
বিদেশিদের অতিরিক্ত অবস্থান জরিমানা বৃদ্ধি
বাংলাদেশে অবৈধ বা অতিরিক্ত অবস্থান নিরুৎসাহিত করতে বিদেশি নাগরিকদের জন্য দৈনিক সর্বোচ্চ জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে ভিসা নীতির বাস্তবায়ন আরও কার্যকর হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নতুন নীতিমালা
মাদকবিরোধী অভিযান পরিচালনায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনা এবং কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (কর্মকর্তা-কর্মচারী) অস্ত্র ও ব্যবহার নীতিমালা, ২০২৪’ প্রণয়ন করা হয়েছে। এতে দায়িত্ব পালনকালে অস্ত্র ব্যবহারের শর্ত ও সীমা নির্ধারণ করা হয়েছে।
পুলিশ কমিশন গঠন
পুলিশ সংস্কার কার্যক্রম পর্যালোচনা এবং জবাবদিহি বাড়াতে একটি স্বাধীন ও নিরপেক্ষ পুলিশ কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদেশ অনুযায়ী, কমিশন পুলিশের পেশাগত মান, শৃঙ্খলা ও আচরণবিধি নিয়ে সুপারিশ দেবে।
চলমান সংস্কারসমূহ
বিধিমালা ও প্রাতিষ্ঠানিক কাঠামো আধুনিকায়নের অংশ হিসেবে অস্ত্র প্রতিরোধ ও নিরাপত্তা বিধিমালা, ২০২৫ নতুন বিধিমালায় শিল্প-প্রতিষ্ঠান ও রাসায়নিক কারখানায় নিরাপত্তা জোরদার, অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা এবং ঝুঁকি ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য আনার কথা বলা হয়।
কারা অধিদপ্তর নিয়োগ বিধিমালা, ২০২৫
নিয়োগ, পদায়ন ও বদলি প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে নতুন বিধিমালা প্রণয়ন করা হয়েছে। পুরোনো বিধিমালার জটিলতা দূর করে আধুনিক প্রশাসনিক কাঠামো গড়ে তোলাই এর লক্ষ্য।
ভিডিপি অধ্যাদেশ সংশোধন
গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সেবা-সুবিধা, দায়িত্ব ও প্রশিক্ষণ ব্যবস্থায় যুগোপযোগী সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আনসার বিধিমালা সংস্কার
নিয়োগ, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম আধুনিকায়নে সংশোধনী প্রস্তাব প্রণয়নাধীন রয়েছে।
টিওএন্ড ই সংস্কার
আনসার ও ভিডিপির সাংগঠনিক কাঠামো আধুনিকায়নের মাধ্যমে কার্যকারিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আইন বাতিল/সংশোধন প্রক্রিয়া
অপ্রয়োজনীয় ও যুগোপযোগী নয় এমন আইন বাতিল বা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে কিছু নিরাপত্তা ও শৃঙ্খলাবিষয়ক আইন পুনর্মূল্যায়নের আওতায় আনা হয়েছে।
বাধ্যতামূলক ডিজি নিবন্ধন
থানাসহ বিভিন্ন ক্ষেত্রে বাধ্যতামূলক ডিজিটাল নিবন্ধন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে নাগরিকসেবা সহজীকরণ ও তথ্যভান্ডার সমন্বয় জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫
ব্যক্তিগত তথ্য ও নাগরিকের গোপনীয়তা সুরক্ষায় নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে রাষ্ট্রীয় নজরদারি কার্যক্রমের সীমা, ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা এবং নাগরিক অধিকার সুরক্ষার বিধান অন্তর্ভুক্ত রয়েছে।
এমইউ/এমআরএম
সর্বশেষ - জাতীয়
- ১ ত্রয়োদশ সংসদে বিএনপির ৬২.০২ ও জামায়াতের ১৫.৯৪ শতাংশ এমপি ঋণগ্রস্ত
- ২ প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
- ৩ এমপিদের বাসযোগ্য করতে সংস্কার চলছে ক্ষতিগ্রস্ত সেই ভুতুড়ে ন্যাম ভবন
- ৪ নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি, জানালেন গণপূর্ত উপদেষ্টা
- ৫ চট্টগ্রামে আবাসিক হোটেলে অভিযান, গ্রেফতার ১০