ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

স্টাফ বাস থেকে নেমে পার হচ্ছিলেন রাস্তা, ওই বাসের চাপায় গেলো প্রাণ

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় স্টাফ বাসের ধাক্কায় মোসা. নয়ন মনি (৪৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তারেক দিপু বলেন, খবর পেয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি, জানালেন গণপূর্ত উপদেষ্টা 
টিসিবির রোজার পণ্য বিক্রি শুরু কাল, মিলবে ছোলা-খেজুরসহ ৫ পণ্য 

তিনি বলেন, নয়ন মনি একটি পোশাক কারখানায় চাকরি করতেন। কারখানার ছুটি শেষে ওই কারখানার স্টাফ বাসে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এসময় ওই বাসের চাপায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসটি জব্দ ও বাসচালককে আটক করা হয়েছে।

নিহত নয়ন মনির স্বামী আব্দুল হামিদ বলেন, আমার স্ত্রী মাতুয়াইল এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করত। কারখানা ছুটি শেষে স্টাফ বাসে এসে মুগদা নামে। পরে রাস্তা পারাপারের সময় ওই বাস আমার স্ত্রীকে চাপা দিলে তার মৃত্যু হয়।

নিহত নয়ন মনি ফরিদপুর জেলার পালং থানার বুয়ারপুর গ্রামের আব্দুল হকের মেয়ে। কর্মসূত্রে মুগদার আরব বেকারি গলিতে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

কাজী আল-আমিন/কেএসআর