ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

আইজিপি হিসেবে বাহারুলের শেষ দিন আজ?

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বাহারুল আলমকে- এমন আলোচনা ছড়িয়ে পড়েছে আরও কয়েকদিন আগে। নতুন সরকারের প্রথম কার্যদিবসে সচিবালয়ে গুঞ্জন উঠেছে আইজিপিকে সরিয়ে দেওয়া হচ্ছে আজ। পাশাপাশি আজই নতুন আইজিপি হিসেবে নতুন একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে বলে গুঞ্জন উঠেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

বিডিআর হত্যাযজ্ঞসহ নানান বিতর্কে নাম উঠে এসেছে বাহারুল আলমের। বিশেষ করে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের এক প্রতিবেদনে বিডিআর হত্যাকাণ্ডে তার নাম উঠে এসেছে।

এদিকে, বাহারুল আলম তার সরকারি মোবাইল নম্বর থেকে পুলিশ কমকর্তাদের ইংরেজিতে একটি খুদে বার্তা পাঠিয়েছেন। যার বাংলা অর্থ দাঁড়ায়-

প্রিয় সহকর্মীবৃন্দ,
আমি চার্লস ডিকেন্সের সেই বিখ্যাত কথাটি স্মরণ করতে চাই- ‘এটি ছিল শ্রেষ্ঠ সময়, এটি ছিল সবচেয়ে খারাপ সময়; এটি ছিল প্রজ্ঞার যুগ, এটি ছিল নির্বুদ্ধিতার যুগ; এটি ছিল বিশ্বাসের সময়, এটি ছিল অবিশ্বাসের সময়; এটি ছিল আলোর ঋতু, এটি ছিল অন্ধকারের ঋতু; এটি ছিল আশার বসন্ত, এটি ছিল হতাশার শীত।’

আরও পড়ুন
আইজিপি বাহারুলের পদত্যাগের গুঞ্জন 
বিডিআর হত্যাকাণ্ড তদন্ত প্রতিবেদনে নাম, কী হবে আইজিপির? 

গত ১৫ মাসে পুলিশের প্রতিটি সাফল্যের কৃতিত্ব আপনাদের। আর প্রতিটি ব্যর্থতার দায় আমার। সর্বশক্তিমান আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুন। - বাহারুল আলম, আইজিপি।

বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহাম্মদ পিন্টুর মৃত্যু ঘিরেও বিতর্ক রয়েছে বাহারুল আলমের বিরুদ্ধে। পিন্টুর পরিবারসহ কয়েকটি সংগঠন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, তাকে বিডিআর হত্যার মামলায় জড়িয়ে রাজনৈতিক উদ্দেশে গ্রেফতার করা হয়।

বাহারুল আলমের অপসারণ ও গ্রেফতারের দাবিতে আন্দোলন করে ‘পিন্টু স্মৃতি সংঘ’ । আওয়ামী লীগ সরকার পতনের পর ওই বছরের ২০ নভেম্বর বাহারুল আলমকে চুক্তিভিত্তিক আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিভিন্ন সূত্রের দাবি, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর সুপারিশে এই নিয়োগ হয়েছিল। এমনকি আইজিপির মেয়েকে খোদা বখসের দপ্তরে বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছিল।

টিটি/কেএসআর