গার্ড অব অনার দিয়ে বরণ করা হলো নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে
বুধবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গার্ড অব অনার দেওয়া হয়/ছবি: জাগো নিউজ
তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো সচিবালয়ে নিজ কর্মস্থলে যোগ দেন তিনি।
এদিন বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গার্ড অব অনার দেওয়া হয়।
এসময় সচিবালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা যায়।
এদিকে, নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর যোগদান উপলক্ষে মন্ত্রণালয়ের প্রবেশপথ, করিডোর ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ আগেই সম্পন্ন করা হয়।
স্বাধীনতার পর গত ৫৫ বছরে প্রথমবারের মতো স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছে কক্সবাজার জেলার মানুষেরা। এমনকি স্বাধীনতার পর সালাহউদ্দিন আহমদই কক্সবাজার জেলার প্রথম পূর্ণ মন্ত্রী হলেন। তার মন্ত্রী হওয়ার খবরে জেলার বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেন। নির্বাচনি এলাকায় আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়ী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গতকাল মঙ্গলবার সরকার গঠন করে। ওইদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার শপথবাক্য পাঠ করান।
টিটি/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো অবৈধ তদবির চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- ২ বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
- ৩ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাত পৌনে ১০টায়
- ৪ নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সচিবদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ৫ এখন নির্বাচিত সরকার এসেছে, পরিস্থিতিও নিয়ন্ত্রণে থাকবে