প্রতিমন্ত্রী মিল্লাত
বিমানসেবায় পরিবর্তনের আবহ দুই সপ্তাহের মধ্যে দেখতে পাবেন
সচিবালয়ে প্রথম অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
বিমানসেবার ক্ষেত্রে (এভিয়েশন) আগামী দুই সপ্তাহের মধ্যে পরিবর্তনের আবহ দেখা যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রথম অফিসে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আপনার জন্য আসলে চ্যালেঞ্জ কি হবে? টিকিট সিন্ডিকেট, নাকি অন্য কিছু- এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা তো পরিকল্পনা শুরু করেছি, শুধু টিকেটিং নয়, আমাদের সিভিল এভিয়েশনের চেয়ারম্যান আছেন আমাদের সঙ্গে, সেক্রেটারি সাহেবও আছেন। আমরা এটাকে (বিমান বাংলাদেশ এয়ারলাইন্স) ঢেলে সাজাতে চাই, এমনভাবে যে শুধু টিকেটিং নয়, সিন্ডিকেট তো রয়েছেই। আমাদের যে লাগেজ হ্যান্ডলিং থেকে শুরু করে প্রবাসী যারা আসেন, তাদের যে ভোগান্তি, সেগুলো নিয়ে চিন্তা করেছি।’
তিনি বলেন, ‘এরই মধ্যে আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলেছি এবং একটা পরিকল্পনা তৈরি করেছি, যাতে প্রবাসীরা এলে তাদের হ্যান্ডলিংয়ের প্রবলেমগুলো হয়, নানারকমের দুর্নীতির শিকার তারা হন, সেগুলো যাতে না হয়।’
‘আমাদের এয়ারপোর্টে এমন একটা অবস্থা যে কোনো যাত্রী আসার পরে লাগেজের জন্য ওয়েট করতে হয় এক ঘণ্টা, দুই ঘণ্টা। সেগুলো কীভাবে ত্বরিত গতিতে একটা প্যাসেঞ্জার আসার পরে নেমে যাতে ইমিগ্রেশন করতে করতেই তাদের লাগেজগুলো বেল্টে পায়, এ ধরনের একটা চিন্তাভাবনা আমরা সিভিল এভিয়েশনের সঙ্গে বসে করবো।’
নতুন বিমান প্রতিমন্ত্রী বলেন, টিকিটিংয়ের যে ব্যাপারটা আছে, সেগুলোর সিন্ডিকেশনের একটা ব্যাপার রয়েছে আমার মনে হয়। সেটাকে ভাঙতে হবে। আমার মনে হয় যে এটার অনেক ক্ষেত্রে আমি শুনেছি যে আমাদের বিমান খালি যায়, টিকিট পায় না অনেকে অথচ বিমান যাচ্ছে খালি।’
রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘যে সিন্ডিকেট রয়েছে, তা ভাঙার জন্য যে যে পরিকল্পনা দরকার, আমরা আজ তো কেবল আসলাম, আমরা পরিকল্পনা করছি, আমরা জানি কী কী প্রবলেম রয়েছে। সেগুলো নিয়ে একটা পরিকল্পনা তৈরি করেছি। এটা আমরা পরে জানাতে পারব যে আমরা কী কী পদক্ষেপ নিলাম।’
প্রতিমন্ত্রী বলেন, ‘খুব শিগগির আপনারা র্যাডিক্যাল চেঞ্জ তো হবে না, মানে স্লোলি চেঞ্জ হবে। তবুও আমরা চেষ্টা করবো কিছুটা ভাইব (আবহ) দেওয়ার জন্য যে অ্যাটলিস্ট একটা গণতান্ত্রিক সরকার আসার পরে একটু চেঞ্জ হয়েছে— এ ভাইবটা আমরা খুব সম্ভবত আপনাদের এক/দুই সপ্তাহের মধ্যে দিতে পারবো।’
গত ১৫ বছরে বিমানের দুর্নীতির তদন্ত করবেন কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘ডেফিনেটলি, দুর্নীতি হলে তো তদন্ত হবেই। দুর্নীতির দায়ে অনেকেই জেলেও আছে। আবার এখনো দুর্নীতিমুক্ত হয়নি, সেগুলো ঠিক করার জন্য তো আমাদের চেষ্টা চলবে। আমরা এখন বুঝবো, সেক্রেটারি সাহেবের সঙ্গে বসবো, আমরা আলোচনা করবো। বিশেষ করে পর্যটনের ব্যাপারে আমরা অনেক চিন্তাভাবনা করেছি, সুদূরপ্রসারী চিন্তাভাবনা করেছি।’
আরএমএম/এমএএইচ/
সর্বশেষ - জাতীয়
- ১ ৫ বছরে ইউরোপে ১০ লাখ দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টারপ্ল্যান
- ২ সাত ঘণ্টা অফিস করে সচিবালয় ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৩ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো অবৈধ তদবির চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪ বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
- ৫ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাত পৌনে ১০টায়